E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মায়ের চেয়ে দুই বছরের বড় মেয়ে!

২০২১ ডিসেম্বর ১৪ ১৭:১৯:৫৭
মায়ের চেয়ে দুই বছরের বড় মেয়ে!

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : জাতীয় পরিচয় পত্র অনুযায়ী মা মেয়ের চেয়ে দু বছরের ছোট। কথাটি শুনে অবিশ্বাস্য মনে হলেও জাতীয় পরিচয়পত্রে উল্লেখিত জন্মতারিখের নিরিখে এমনটিই হয়েছে টাঙ্গাইল ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গ্রামের মেয়ে রুমা খাতুন ও মা হাছনা বেগমের।

মেয়ে রুমা খাতুনের প্রকৃত জন্ম তারিখ ১৯৯৭ সালের ২০ জানুয়ারি। অর্থাৎ তার বর্তমান বয়স ২৪ বছর। কিন্তু জাতীয় পরিচয় পত্রে তার জন্ম তারিখ উল্লেখ রয়েছে ২০ জানুয়ারি ১৯৭০। জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তার বয়স ৫১ বছর। অপরদিকে জাতীয় পরিচয়পত্রে রুমা খাতুনের মা হাছনা বেগমের জন্ম তারিখ ১৯৭২ সালের ১৪ মে। বর্তমানে তার বয়স ৪৯ বছর। অর্থাৎ জাতীয় পরিচয় পত্র অনুযায়ী মেয়ে মায়ের চেয়ে দু বছর বড়।

ভুক্তভোগী রুমা খাতুন বলেন, জাতীয় পরিচয় পত্রের তথ্য তালিকা করার সময় তথ্য সংগ্রহকারীর অসাবধানতাবশত ভুলের মাশুল আমাকে গুণতে হচ্ছে। এ কারণে নানা হয়রানির শিকার হতে হচ্ছে। এ নিয়ে নানা সমস্যায় রয়েছি ও বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। এমনকি আইডি কার্ড দিয়ে সাম্প্রতিক করোনাকালে করোনা টিকা পর্যন্তও দিতে পারছি না।

তিনি আরও বলেন, আইডি কার্ড সংশোধনে নানা কাগজপত্র সংগ্রহ ও সংশোধন প্রক্রিয়া ঝামেলাযুক্ত হওয়ায় অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে। এ পর্যন্ত সংশোধনের জন্য আমি আমার অভিভাবকসহ বেশ কয়েকবার উপজেলা নির্বাচন অফিসে গিয়েছি। তারা তেমনটা গুরুত্ব দিচ্ছে না।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাচন অফিসার নাজমা সুলতানা বলেন, মায়ের চেয়ে মেয়ে বড়! এটি অনাকাঙ্ক্ষিত ভুল। তথ্য সংগ্রহ ও ভোটার তালিকা লিপিবদ্ধের কাজে কর্মীদের ভবিষ্যতে আরও বেশি সচেতন হতে হবে।

(এসএম/এসপি/ডিসেম্বর ১৪, ২০২১)

পাঠকের মতামত:

২৫ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test