E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গৌরীপুরে ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত, বিচারের দাবিতে মানববন্ধন

২০২২ মার্চ ০৩ ১৬:২৭:০৯
গৌরীপুরে ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত, বিচারের দাবিতে মানববন্ধন

গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (৩মার্চ) ইজিবাইক চাপায় নাকিবা আক্তার (৯) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। উপজেলার মাওহা ইউনিয়নের কুমড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী কুমড়ি গ্রামের মোঃ নূরুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাকিবা আক্তার কুমড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার সে বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল। পথিমধ্যে ভুটিয়ারকোনা-কুমড়ি সড়কে একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক চালক তারা মিয়াকে আটক ও ইজিবাইকটি জব্দ করে।

স্কুলছাত্রী নাকিবা আক্তার নিহতের ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়ে সড়কে মানববন্ধন করে। মানববন্ধন থেকে ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, স্কুলছাত্রী নাকিবা নিহতের ঘটনায় আমরা শোকাহত। এই ঘটনায় আটক ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দীকী জানান, খবর পেয়ে পুলিশ নিহত ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে। চালককে গ্রেফতার ও ইজিবাইক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

(এস/এসপি/মার্চ ০৩, ২০২২)

পাঠকের মতামত:

২৩ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test