E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুড়িগ্রামে মা ও ৫ মাসের শিশুকে গলা কেটে হত্যা

২০২২ মে ২২ ১২:৩৮:২১
কুড়িগ্রামে মা ও ৫ মাসের শিশুকে গলা কেটে হত্যা

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : কুড়িগ্রামের রৌমারীতে মা ও তার ৫ মাসের শিশু সন্তানকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে শিশু হাবিবের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসী জানায়, শনিবার (২১মে) দুপুরে সদর ইউনিয়নের নতুনবন্দর হাজিপাড়া এলাকায় ধান ক্ষেত থেকে শিশুটির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। মুমূর্ষ অবস্থায় মা হাফসা আকতারকে (২৫) উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত শিশু ও তার মা হাফসা নতুন বন্দর এলাকার মো. সাহেব আলীর সন্তান ও স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, প্রচন্ড বৃষ্টির মধ্যে নতুনবন্দর হাজিপাড়া এলাকায় একটি পুকুরপাড়ের পূর্বপাশের ধানক্ষেত থেকে শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ ও পাশেই শিশুরটির মা হাফসাকে গলাকাটা অবস্থায় দেখতে পায়। এসময় পরিবার ও স্থানীয় লোকজন হাফসাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই হাফসা বেগমের মৃত্যু হয়।

নিহত হাফসা আক্তারের ভাই হাসিনুর রহমান জানান, তার বোন জামাই ঢাকায় কাজ করেন। এ ঘটনার কথা শুনে তিনি ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে শিশুটির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির মাকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানতে পেরেছি মেডিকেলে নেয়ার পথে শিশুটির মা হাফসা আক্তারও মারা গেছেন।

সুরতহাল প্রতিবেদন শেষে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

(পিএমএস/এএস/মে ২২, ২০২২)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test