E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আলোচিত আমজাদ খান হত্যা মামলার আসামি মকিম ফরিদপুরে গ্রেপ্তার

২০২৫ আগস্ট ১৯ ১৩:০৯:৩৫
আলোচিত আমজাদ খান হত্যা মামলার আসামি মকিম ফরিদপুরে গ্রেপ্তার

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর আলোচিত আমজাদ খান হত্যা মামলার পলাতক আসামি মকিম মন্ডল (৪৫) ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ এর একটি অভিযানিক দল।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সোয়া ১১ টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর মিডিয়া বিভাগের সহকারি পরিচালক ও সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস কর্মকার এ খবর নিশ্চিত করেছেন।

র‌্যাব কর্মকর্তা তাপস কর্মকার জানান, সোমবার দিবাগত রাত আনুমান ৮টা ১০ মিনিটে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো: মকিম মন্ডল (৪৫), পিতা- মৃত ছলেমান মন্ডল, সাং- মুকিদহ, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করে।

তিনি আরও জানান, গত ২৩ জুলাই (২০২৫) তারিখ সন্ধ্যা অনুমান ৬ টা ৫০ মিনিটের দিকে ভিকটিম মো. আমজাদ খান এর সহিত পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে আসামি মো. মকিম মন্ডল (৪৫) সহ অপরাপর আসামীগণ রাজবাড়ী জেলার সদর থানার মুচিদহ এলাকায় ভিকটিমের বসতবাড়িতে প্রবেশ করে এবং ভিকটিমকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করে। ভিকটিমের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে ভিকটিমকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের অবস্থা আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরবর্তীতে ভিকটিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে রাজবাড়ী জেলার সদর থানায় অভিযোগ দায়ের করে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং ফরিদপুর থেকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওই র‌্যাব কর্মকর্তা।

(আরআর/এএস/আগস্ট ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test