E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে সাপের কামড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

২০২৫ আগস্ট ২৩ ১৯:২০:৫৮
নড়াইলে সাপের কামড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল সদর উপজেলায় বিষধর সাপের কামড়ে মুনিয়া নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে নড়াইল জেলা হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

মুনিয়া নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের চরশালিখা গ্রামের কৃষক ও প্রতিবন্ধী কায়েম শেখের মেয়ে।

পরিবার ও প্রতিবেশিরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে শিশু মুনিয়া ঘরের মধ্যে খেলা করছিলো। এসময় ঘরের মেঝেতে মাটির ছিদ্রের মধ্যে লুকিয়ে সাপে মুনিয়াকে দংশন করে।

কিন্তু শিশুটি সাপের কামড়ের বিষয়টি বুঝতে পারেনি। ধীরে ধীরে সাপের বিষ শিশুটির শরীরে ছড়িয়ে পড়লে অসুস্থ্য হয়ে পড়ে এবং বমি করতে থাকে। পরিবারের সদস্যরা সাপে কাটার বিষয়টি টের পেয়ে রাত সাড়ে ৯টার দিকে গ্রাম্য এক কবিরাজের কাছে নিয়ে যান।

কবিরাজ ঝাড়ফুঁক করে বিষ নামাতে ব্যর্থ হলে রাত ১১টার দিকে শিশুটিকে নিয়ে নড়াইল জেলা হাসপাতালে যাবার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

বাশগ্রাম ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের (চরশালিখা) সদস্য কাজী সাখাওয়াত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, চারিদিকে বর্ষার পানি থাকায় সাপটি বাড়ির মেঝেতে ইদুরের গর্ত বা ছিদ্রের মাঝে লুকিয়ে ছিলো। শিশুটি খেলা করার সময় সাপে দংশন করে। স্থানীয় ওঝা বিষ নামাতে ব্যর্থ হলে তাকে নড়াইল জেলা হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়। শিশুটির মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(আরএম/এসপি/আগস্ট ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

১১ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test