E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বোয়ালমারীতে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

২০২৫ ডিসেম্বর ২৩ ১৭:১০:১৯
বোয়ালমারীতে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা এলাকায় সংঘটিত দস্যুতা (ডাকাতি) মামলার অন্যতম আসামি মো. মনির শিকদার (৪৫)'কে গ্রেপ্তার করে র‌্যাব-১০ এবং র‌্যাব-৪ এর একটি যৌথ আভিযানিক দল।

গতকাল সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক পৌনে নয়টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর এলাকায় র‌্যাবের ওই যৌথ অভিযানে আসামি মনির'কে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির মিডিয়া বিভাগের সহকারি পরিচালক ও সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস কর্মকার।

র‌্যাব-১০ জানায়, ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন কালিয়াণ্ড এলাকার ভিকটিম মো. সাখাওয়াত হোসেন (৪০), এর বসত বাড়ীতে গত ১ জানুয়ারি ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ১১টায় পরিবারের সকল সদস্য রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। ওই রাত আনুমানিক ৩ টার দিকে ভিকটিমের মা মোছা. মেহরুন নেছা চিৎকার করে জানান যে, তাদের বাড়িতে চোর প্রবেশ করেছে। ভিকটিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গেলে দেখতে পান তিনজন মুখোশধারী আসামি রামদা হাতে খোলা দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে। আসামিরা ভিকটিম ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে স্টিলের বাক্স ভেঙে নগদ ৭,০০,০০০ (সাত লক্ষ) টাকা এবং আনুমানিক ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় একটি মামলা (মামলা নং- ০৪, তারিখ- ২ জানুয়ারি ২০২৫ ইং ধারা- ৩৯২ পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী) রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন।

র‌্যাব-১০ আরও জানায়, এরই ধারাবাহিকতায়- গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় সোমবার ২২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক পৌনে নয়টার দিকে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প এবং র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্প, সাভার, ঢাকা এর একটি যৌথ অভিযানিক দল, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর এলাকায় অভিযান পরিচালনা করে। ওই অভিযানে উপরোক্ত মামলার সাথে জড়িত আসামি মো: মনির শিকদার (৪৫), পিতা- মৃত আব্দুর রহমান শিকদার, সাং- উত্তর শিবপুর, থানা- বোয়ালমারী, জেলা- ফরিদপুর’কে গ্রেপ্তার করতে সক্ষম গয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আসামি মো. মনির শিকদার (৪৫)কে থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেইন।

(আরআর/এএস/ডিসেম্বর ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test