E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরার ৬০৯ কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম

২০২৬ ফেব্রুয়ারি ১১ ১৩:৪২:০৬
সাতক্ষীরার ৬০৯ কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জেলার চারটি সংসদীয় আসনের ৬০৯টি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সব নির্বাচনী সামগ্রী পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে উপজেলা পর্যায়ের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে এসব সরঞ্জাম কেন্দ্রে পাঠানো হচ্ছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচনে ভোটাররা দুটি ব্যালটে ভোট প্রদান করবেন। একটি সাদা ব্যালটে সংসদ সদস্য নির্বাচন এবং অপরটি গোলাপি ব্যালটে গণভোট অনুষ্ঠিত হবে।

জেলায় মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৩২ হাজার ৫৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৭ হাজার ৭৩৯ জন, মহিলা ভোটার ৯ লাখ ১৪ হাজার ৮২৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন। নতুন ভোটার রয়েছেন ৬৭ হাজার ২৩৩ জন। ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ ভোটারের সংখ্যা ৬ লাখ ২৮ হাজার ৬০৯ জন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাতক্ষীরায় ৬০৯টি ভোটকেন্দ্রের জন্য মোট ৩ হাজার ৩৭২টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটারের জন্য ১ হাজার ৫৫৩টি এবং মহিলা ভোটারের জন্য ১ হাজার ৮১৯টি কক্ষ নির্ধারণ করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে ব্যালটসহ সব ধরনের নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ আফরোজা আখতার বলেন,
এখন আমাদের প্রধান লক্ষ্য হলো একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করা।

তিনি জানান, নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নিয়মিত টহল টিম কাজ করছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি যান চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়েছে।

জেলা প্রশাসক বলেন, প্রতিটি ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে চৌহর্দী নির্ধারণের কাজ শেষ হয়েছে এবং নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে ভোট দিতে পারেন, সে জন্য প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।

(আরকে/এএস/ফেব্রুয়ারি ১১, ২০২৬)




পাঠকের মতামত:

১১ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test