E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘একুশের চেতনায় দীপ্ত কাপ্তাই’ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

২০২৬ ফেব্রুয়ারি ২১ ১৮:১২:৫১
‘একুশের চেতনায় দীপ্ত কাপ্তাই’ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ শনিবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে এই সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনের সভাপতিত্বে এবং সহকারি তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনায় একুশের চেতনা সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তারা বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন, যা আমাদের স্বাধিকার আন্দোলনের বীজ বপন করেছিল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এর স্বীকৃতি বাংলা ভাষাকে বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বক্তারা বর্তমান প্রজন্মের মাঝে একুশের চেতনা ও শুদ্ধ বাংলা চর্চার গুরুত্ব ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:রুইহ্লা অং মারমা, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা জামায়াতের আমির হারুনুর রশীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ প্রমূখ।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, স্থানীয় সংবাদকর্মী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৬)

পাঠকের মতামত:

২১ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test