E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আশরাফুল আলমের অকাল প্রয়াণ 

২০২৬ ফেব্রুয়ারি ২১ ১৯:৩৬:১১
নড়াইলে সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আশরাফুল আলমের অকাল প্রয়াণ 

রূপক মুখার্জি, লোহাগড়া : নড়াইলের লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল আলম আশরাফ (৫২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আশরাফুল আলম লোহাগড়া শহরের লক্ষ্মীপাশা এলাকার মরহুম মহিউদ্দিন মোল্যার ছেলে। ব্যক্তিগত জীবনে আশরাফুল আলম অবিবাহিত ছিলেন। তিনি গত কয়েক মাস ধরে শারিরীক অসুস্থতায় ভুগছিলেন।

সম্প্রতি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর শরীরে একটি অস্ত্রোপচার (অপারেশন) সম্পন্ন হয় এবং সুস্থ বোধ করায় গত শুক্রবার তিনি বাড়ি ফেরেন।

তবে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আশরাফুল আলম আশরাফ বিগত ২০১৬ সালে লোহাগড়া পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হন। তিনি লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছাড়াও উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি স্থানীয় জনগণের কাছে একজন জনপ্রিয় ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত ছিলেন।

মরহুমের জানাজার নামাজ শনিবার বাদ আসর (বিকেল ৫টায়) লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা মোল্যার মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সাবেক এমপি এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, নড়াইল জেলা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র এ্যাডভোকেট নেওয়াজ আহম্মেদ ঠাকুর নজরুল, কেন্দ্রীয় বিএনপি নেতা এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপি নেতা আলহাজ্ব মনিরুল ইসলামসহ নানা শ্রেণী পেশার মানুষজন।

জানাজা শেষে তাকে লক্ষীপাশা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৬)

পাঠকের মতামত:

২১ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test