E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন

২০২৬ ফেব্রুয়ারি ২৪ ১৪:২৮:৪১
গোপালগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন

গোপালগঞ্জ প্রতিনিধি : বিয়ের দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রেমিকের বাড়িতে এক গৃহবধূর অনশনের ঘটনা ঘটছে। 

এক কন্যাসন্তানের জননী ওই গৃহবধূ (২৪) গত রবিবার রাত থেকে উপজেলার জঙ্গলমুকন্দপুর গ্রামে প্রেমিক সিজান খন্দকারের বাড়িতে অবস্থান করছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রেমিক সিজান বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন।

ভুক্তভোগী ওই নারী উপজেলার পিঙ্গলিয়া গ্রামের রজব আলী মিয়ার মেয়ে এবং একই গ্রামের সুমন শেখের স্ত্রী।

এলাকাবাসী জানায়, উপজেলার জঙ্গলমুকন্দপুর গ্রামের জিয়া খন্দকারের ছেলে সিজান খন্দকারের সাথে গত ৮ মাস ধরে ওই গৃহবধূর প্রেমের সম্পর্ক চলছিল।

গৃহবধূর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সিজান তার সাথে দীর্ঘ সময় ধরে বিবাহ বহির্ভূত সম্পর্ক বজায় রাখেন।

ওই নারী জানান, গত রাত ৮টার দিকে সিজান তার ঘরে প্রবেশ করলে শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে সিজানকে ধরে ফেলে। ওই সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সিজান সেখান থেকে কৌশলে সটকে পড়েন। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ওই গৃহবধূর স্বামী তাকে গ্রহণ করতে অস্বীকার করেন। কোনো উপায় না দেখে ওই রাতেই তিনি সিজানের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

গৃহবধূ আরও জানান, সিজান তাকে বিয়ের আশ্বাসে ব্যবহার করেছেন। এখন তাকে গ্রহণ না করলে তার আর যাওয়ার কোনো জায়গা নেই। দাবি আদায় না হলে তিনি সিজানের বাড়িতেই আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছেন।

এদিকে ঘটনার পর থেকে সিজান পলাতক থাকায় তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান জানান, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ভুক্তভোগী গৃহবধূর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

(টিবি/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০২৬)



















পাঠকের মতামত:

২৪ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test