E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন

২০২৬ ফেব্রুয়ারি ২৪ ১৮:৫৫:৪৭
মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে “বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত" শিরোনামে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।

আজ মঙ্গলবার মুকসুদপুর উপজেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৩ ফেব্রুয়ারি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় "গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত" শিরোনামে একটি বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে মুকসুদপুর উপজেলা বিএনপির সাংগঠনিক কোনো গ্রুপের মধ্যে এ ধরনের সংঘর্ষ, নিহত বা আহতের ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা তথ্য সরবরাহ করেছে, যার ভিত্তিতে সংবাদটি প্রচার করা হয়েছে। এতে দলের সাংগঠনিক সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

তারিকুল ইসলাম রাজু বলেন, সংবাদ প্রচারের আগে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের বক্তব্য নেওয়া হয়নি, যা সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত দায়িত্বের পরিপন্থী। তিনি এ ধরনের মিথ্যা সংবাদ প্রত্যাহার, সংশোধন ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এসময় তিনি মুকসুদপুর উপজেলার সকল সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে প্রকৃত ঘটনা যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনমনে বিভ্রান্তি এড়াতে হবে। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান বক্তব্য রাখেন।

এসময় গণমাধ্যম কর্মী, উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২৬)

পাঠকের মতামত:

২৪ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test