E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে ৪শ’ বছরের জামাই মেলা ঘিরে আনন্দ-উৎসব

২০২৬ মার্চ ০৪ ২০:২৭:৫৯
গোপালগঞ্জে ৪শ’ বছরের জামাই মেলা ঘিরে আনন্দ-উৎসব

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়ায় অনুষ্ঠিত হয়েছে ২ দিনব্যাপী ঐতিহ্যবাহী জামাই মেলা। মধ্য ফাল্গুনে শীতলা পূজা উপলক্ষে প্রতিবছরই বসে এ মেলা। জামাইদের উপস্থিতি ও কেনাকাটাই হয়ে ওঠে প্রধান আকর্ষণ। জামাইরা মাছ, মিষ্টি কিনে যান শশুর বাড়িতে।আর বাড়িতে বাড়িতে জমে ওঠে আনন্দ-উৎসব।

মঙ্গলবার (৩ মার্চ) জোয়ারিয়ায় শীতলা মন্দিরে পূজার পর শুরু হয় মেলা। এ মেলা বুধবার (৪ মার্চ) গভীর রাত পর্যন্ত চলবে। ফাল্গুনের আমেজে উৎসবের রং আর জামাই-মেয়ের আগমনে মুখরিত টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া গ্রাম।

৪শ বছর আগে গ্রামে কলেরা, বসন্ত , ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এতে প্রাণহানি দেখা দেয় । তখন শীতলা মায়ের পূজা করলেন প্রাণহানি বন্ধ হয়। তারপর থেকেই এ গ্রামে শীতলা পূঁজা হয়ে আসছে। এ পূজা ৪’শ’ বছরের ঐতিহ্য বহন করে চলেছে। এখানে কেউ মানত করলে মনের বাসনা পুরণ হয়ে চলেছে। কালক্রমে এ পূজা উপলক্ষে আয়োজিত গ্রামের জামাই মেলায় পরিনত হয়েছে। ২ দিনব্যাপী ঐতিহ্যবাহী এই জামাই মেলার প্রধান আকর্ষণ হলো এলাকার জামাই। এই উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও দূরদূরান্ত থেকে জামাই এসেছেন শ্বশুর বাড়িতে। তারা স্ত্রীকে সঙ্গে করে মেলা যেমন ঘুরে দেখেন, তেমনই শ্বশুরবাড়ি ও আত্মীয় স্বজনদের জন্য করেছেন কেনাকাটা।

আর এই জামাই মেলায় এসেছে হরেক রকম মিষ্টি, মাংস, মাছ সহ নানা ধরনের মনোহরী ও ভোগ্য পন্যের সমাহার।জামাইদের মধ্যেও চলে মেলা থেকে কেনাকাটার প্রতিযোগিতা। যে জামাই সবচেয়ে বেশি ও ভালো কেনাকাটা করতে পারবেন, এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে তার সুনাম। তাই এই মেলাকে ঘিরে চলে জমজমাট কেনা- বেচা।

এবছরের মেলায় আসা হরেক রকমের মিষ্টির মধ্যে বালিশ মিষ্টি, আমৃত্তি, ছানার জিলাপি, রসগোলা ছিলো বিশেষ আকর্ষণ। এছাড়া বিভিন্ন দোকানে টাটকা ইলিশ ও রুই মাছ সহ হাঁস, রাজহাস, মুরগী, খাসি সহ বিভিন্ন ধরনের মাংসের বিক্রি ছিলো বেশ জমজমাট। বিক্রেতাদের হাঁক-ডাকে মুখর ছিল মেলাঙ্গন।

মেলা কমিটির সভাপতি অমল চন্দ্র বিশ্বাস বলেন, শুধু জামাই নয়, এলাকাবাসী, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মিলন মেলায় পরিণত হয় এই উৎসব।কেনাবেচার পাশাপাশি চলে আনন্দ-আড্ডা। গ্রামীণ ঐতিহ্য আর পারিবারিক বন্ধনের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে এই জামাই মেলা।

সপ্তপল্লী-জোয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির কুমার বলেন, ৪শ’ বছর আগে এ গ্রামে বসন্ত ও কলেরা মহামারি আকার ধারণ করে। তখন এলাকার মানুষ শীতলা মায়ের পূজা দেন। এরপর এ মহামারি বন্ধ হয়। তখন থেকে এখানে শীতলা পূজার প্রচলন হয়। এ অঞ্চলের মানুষ বিশ্বস করে, শীতলা মায়ের কাছে, যে-যা মানসা করে, তা পুরণ হয়। এ বিশ্বস থেকে এখানে প্রতি বছর পূজার দিন মানুষের সমাগম বৃদ্ধি পেতে থাকে। কালক্রমে এটি মেলায় পরিনত হয়। ঐতিহ্যবাহী এ মেলা শুধু কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা গ্রামীণ সংস্কৃতি ও পারিবারিক বন্ধনের এক উজ্জ্বল প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

জোয়ারিয়ার ইতিহ্যবাহী এই জামাই মেলায় উপস্থিত হন গোপালগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। তিনি মেলা কমিটির লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি মেলাঙ্গন ঘুরে দেখেন। এছাড়া ঐতিহ্যবাহী এ মেলা ধরে রাখতে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের সব ধরণের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার প্রতিশ্রুতি দেন।

(টিবি/এএস/মার্চ ০৪, ২০২৬)























পাঠকের মতামত:

০৪ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test