E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

 

বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা 

২০২৬ মার্চ ১০ ১৮:২০:০৭
বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা 

বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের রুদ্রবাড়িয়া দাসপাড়া এলাকায় অবস্থিত লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে স্থানীয়দের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা মন্দিরের চারপাশে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনের শিখা দেখতে পেয়ে মন্দির সংলগ্ন বাসিন্দারা চিৎকার শুরু করলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রুদ্রবাড়িয়া গ্রামের রবিদাসপাড়া লক্ষ্মী মন্দির কমিটির সভাপতি গোপাল চন্দ্র রবিদাস জানান, টিনশেড ঘরে প্রতিষ্ঠিত এই লক্ষ্মী মন্দিরে দীর্ঘদিন ধরে প্রায় ৪০টি হিন্দু পরিবার পূজা-অর্চনা করে আসছেন। রবিবার গভীর রাতে কে বা কারা মন্দিরের চারপাশে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পাশের বাড়ির লোকজন আগুন দেখতে পেয়ে ডাক-চিৎকার করলে এলাকাবাসীর সহায়তায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।তবে এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ সাহা বলেন, এ ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি। তবে এমন ঘটনার কারণে হিন্দু সম্প্রদায়ের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়েছে।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র সরকার বলেন, রুদ্রবাড়িয়া দাসপাড়া লক্ষ্মী মন্দিরে আগুন দেওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এলাকাবাসীকে ভয় না পাওয়ার জন্য বলা হয়েছে। মন্দির কমিটির সভাপতি বাদী হয়ে থানায় একটি জিডি করেছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

(বিএস/এসপি/মার্চ ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test