E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই পরিবার সর্বস্বান্ত

২০২৬ মার্চ ১৯ ১৮:০৬:২২
কাপ্তাইয়ে কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই পরিবার সর্বস্বান্ত

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনাধীন কেপিএম কলাবাগান এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৮টায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে দুটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং কয়েক লক্ষ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কেপিএম-এর সাবেক কর্মচারী নুরুল আমিনের মেয়ে হাসির বসতঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় ঘরে কেউ না থাকায় মুহূর্তের মধ্যে আগুন দাউদাউ করে জ্বলে ওঠে এবং দ্রুত পাশের ঘরে (মির্জা ড্রাইভারের বোনের ঘর) ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, ঘরে গ্যাস সিলিন্ডার থাকায় প্রাণের ভয়ে কেউ তাৎক্ষণিকভাবে কাছে গিয়ে আগুন নেভাতে সাহস পাননি, ফলে আগুন দ্রুত বিধ্বংসী রূপ নেয়।চন্দ্রঘোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার ফুসকারা বেগম জানান,

“তারাবির নামাজ চলাকালীন সময়ে হঠাৎ আগুন দেখে এলাকাবাসী ছুটে আসে। ঘরে গ্যাস সিলিন্ডার থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।”

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে তাদের আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজ, স্বর্ণালংকার, নগদ অর্থসহ নিত্যপ্রয়োজনীয় সকল সামগ্রী পুড়ে গেছে। তাদের দাবি অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ লক্ষাধিক টাকা ধরা হয়েছে।

খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার লিডার আব্দুল কাইয়ুম জানান, তাদের নিরলস চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

(আরএম/এসপি/মার্চ ১৯, ২০২৬)

পাঠকের মতামত:

১৯ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test