E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পদ্মার চরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান

২০২৬ মার্চ ১৯ ১৯:১৭:২৮
পদ্মার চরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর চরে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার দিবাগত রাতে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের পদ্মার চর এলাকায় এ অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার এবং ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান। এ সময় ঈশ্বরদী থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র গভীর রাতে কৃষিজমি ও আশপাশের এলাকা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, ভবিষ্যতে কেউ অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার বলেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। কেউ আইন অমান্য করলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, অবৈধ মাটি কাটার ফলে এলাকার কৃষিজমি ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। প্রশাসনের এ অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

(এসকেকে/এসপি/মার্চ ১৯, ২০২৬)

পাঠকের মতামত:

১৯ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test