E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈদের ছুটিতে পর্যটকের ঢল, পাহাড়-লেকের মিতালীতে মুখরিত কাপ্তাই

২০২৬ মার্চ ২৪ ১৭:৩৮:০৪
ঈদের ছুটিতে পর্যটকের ঢল, পাহাড়-লেকের মিতালীতে মুখরিত কাপ্তাই

রিপন মারমা, রাঙ্গামাটি : পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পাহাড়-লেকের মিতালীর পর্যটন নগরী কাপ্তাই। ঈদের দিন বিকেল থেকে শুরু করে সোমবার (২৩ মার্চ) ঈদের তৃতীয় দিন পর্যন্ত উপজেলার জনপ্রিয় প্রতিটি পর্যটন কেন্দ্রে বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে। যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপিপাসুরা ভিড় জমিয়েছেন কর্ণফুলীর তীরের এই জনপদে।

সোমবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার জনপ্রিয় রিসোর্ট 'নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস'-এর সবকটি কটেজ আগাম বুকিং হয়ে আছে। সেখানে আসা পর্যটকদের কেউ বন্ধু-বান্ধব নিয়ে আড্ডায় মশগুল, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে কর্ণফুলী নদীতে নৌভ্রমণে ব্যস্ত। সাহসিকতার আনন্দ নিতে অনেক পর্যটককে নদীতে কায়াকিং করতেও দেখা গেছে।

একই চিত্র দেখা গেছে অন্যান্য স্পটগুলোতেও। বাঁশের কারুকাজে নির্মিত এই নিসর্গ রেস্টুরেন্টে ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে ভিড় করছেন পর্যটকরা। জুম রেস্তোরাঁ, পাহাড়িকা পিকনিক স্পট, শহীদ মোয়াজ্জেম নৌঘাঁটি পিকনিক স্পট, লেক ভিউ, লেকশোর এবং রিভার ভিউ পার্কেও পর্যটকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। জুম রিসোর্টের শিশু পার্কে বিভিন্ন রাইডসে চড়ে আনন্দে মেতে উঠেছে শিশুরা।

এবারের ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোর পাশাপাশি পর্যটকদের কাছে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে কাপ্তাই লেকের হাউসবোট। হ্রদের নীল জলরাশি আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে পর্যটকরা এই হাউস বোটগুলোতে ভিড় করছেন।

হাউসবোট চালকরা জানান, পর্যটকদের বাড়তি চাপের কারণে তারা এখন অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন।

চট্টগ্রাম থেকে আসা পর্যটক তামিম আহমেদ জানান, "শহরের যান্ত্রিকতা ছেড়ে প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় কাটাতে এখানে আসা। আবহাওয়া খুব একটা গরম বা ঠান্ডা নয়, তাই সস্ত্রীক বেশ শান্তিতে সময় কাটাতে পারছি।"

মাহে রমজানের কারণে দীর্ঘ এক মাস পর্যটন কেন্দ্রগুলো প্রায় জনশূন্য ছিল। তবে ঈদের এই টানা ছুটিতে আশানুরূপ পর্যটক আসায় মুখে হাসি ফুটেছে ব্যবসায়ীদের।

নিসর্গ রিভার ভ্যালীর পরিচালক সরোয়ার হোসেন সহ অন্যান্য রিসোর্ট ম্যানেজাররা জানান, তারা আগত পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে সচেষ্ট আছেন। ঈদের এই মৌসুমে কাপ্তাইয়ের পর্যটন খাতে কয়েক কোটি টাকার ব্যবসার সম্ভাবনা রয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রাকৃতিক সৌন্দর্যের আধার কাপ্তাইয়ে প্রতি বছরই পর্যটকদের আগমন ঘটে, তবে এবারের ঈদের টানা ছুটি সেই আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

(আরএম/এসপি/মার্চ ২৪, ২০২৬)

পাঠকের মতামত:

২৪ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test