E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শহীদদের প্রতি শ্রদ্ধায় কাপ্তাইয়ে উদ্ভাসিত মহান স্বাধীনতা দিবস

২০২৬ মার্চ ২৬ ১৮:৩৬:২৬
শহীদদের প্রতি শ্রদ্ধায় কাপ্তাইয়ে উদ্ভাসিত মহান স্বাধীনতা দিবস

রিপন মারমা, রাঙ্গামাটি : যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা আর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

ভোর থেকেই কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর পর্যায়ক্রমে রাজনৈতিক দল, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, বন বিভাগ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে জাতির সূর্যসন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৮টায় কর্ণফুলী মিনি স্টেডিয়ামে শুরু হয় শিশু-কিশোর সমাবেশ ও বর্ণাঢ্য কুচকাওয়াজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমিন।

কুচকাওয়াজে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, নৌ স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইডসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্যারেড শেষে মনোজ্ঞ শারীরিক কসরত প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে শিক্ষার্থীরা।

কুচকাওয়াজ শেষে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল, সরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক এবং স্থানীয় সুধীসমাজ। বিকেলে স্টেডিয়াম প্রাঙ্গণে এক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দিবসের সমাপ্তি ঘটে।

(আরএম/এসপি/মার্চ ২৬, ২০২৬)

পাঠকের মতামত:

২৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test