E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দেশের জেলায় জেলায় চলছে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি

২০২৬ এপ্রিল ০৫ ১৪:০৬:০১
দেশের জেলায় জেলায় চলছে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি

স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্ন এলাকায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে হাম-রুবেলা (এমআর) টিকাদান কার্যক্রম শুরু করেছে সরকার। দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। টিকা দেওয়া হবে বিকেল ৫টা পর্যন্ত।

গাজীপুর
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে হাম রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

এসময় তিনি বলেন, দেশের সকল শিশুদের টিকা নিশ্চিত করতে পারলে আমরা নিরাপদ হবো। আমাদের দেশের শিশুরা সুস্থ নিরাপদ থাকবে। আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ টিকার কোনো রকম ঘাটতি হবে না। টিকাদান কর্মসূচিতে বিশ্বের কয়েকটি স্বাস্থ্য সংস্থা সহযোগিতা করছে।

জেলা সিভিল সার্জন সূত্রে জানা গেছে, গাজীপুরে হাম ও রুবেলা প্রতিরোধে বিভিন্ন টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কমবয়সী শিশুদের মধ্যে ২৮ হাজার টিকা প্রদান করা হবে, যা চলবে আগামী ১৫ দিন। এই কার্যক্রমে জেলার সদর, টঙ্গী, কোনাবাড়ি, কাশিমপুর, কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া, কালিগঞ্জ ও পুবাইলের বিভিন্ন এলাকায় টিকাদান কর্মসূচি চলবে। গাজীপুরসহ ১৮ টি জেলার ৩০টি উপজেলায় একযোগে এ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

বরগুনা
সারাদেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ১৮টি উপজেলার হামের বিশেষ টিকাদান কর্মসূচির অংশ হিসেবে বরিশাল বিভাগে হামের হটস্পট হিসেবে চিহ্নিত বরগুনা সদর উপজেলায় শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। রবিবার সকাল ৮টা থেকে উপজেলার ৪০টি টিকাদান কেন্দ্রে একযোগে এ কার্যক্রম শুরু হয়। ২১ দিনব্যাপী এ টিকাদান কার্যক্রম চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বরগুনা পৌরসভায় ২৫টি কেন্দ্র এবং উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নের ১৫টি কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি সকল শিশুদের এক ডোজ করে এই বিশেষ হামের টিকা প্রদান করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় হাম ও রুবেলা বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সকাল নয়টায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার নয়টি উপজেলায় এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি শিশুদের এই টিকা দেওয়া হবে। তবে ব্রাহ্মণবাড়িয়ায় হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে থাকায় জেলা সদর হাসপাতালে টিকা কার্যক্রম শুরু হয়েছে। পর্যাক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

চাঁদপুর
চাঁদপুরে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকহারে বৃদ্ধি পাওয়ায় সকাল ৮টা থেকে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় একযোগে ৪৮৮টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ২১ এপ্রিল পর্যন্ত চলমান এই বিশেষ ক্যাম্পেইনে জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সি মোট ৭২ হাজার ৮৭৪ জন শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।

জেলা ইপিআই (Expanded Programme on Immunization) সেন্টার জানায়, চাঁদপুর সদর উপজেলায় ৩৩০টি, হাইমচরে ১২৮টি এবং পৌরসভা এলাকায় ৪০টি অস্থায়ী টিকাকেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে ধাপে ধাপে শিশুদের টিকা প্রদান করা হচ্ছে, যাতে কোনো শিশু টিকার বাইরে না থাকে।

রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ৯টায় উপজেলার মাটিকাটা ইউনিয়নের প্রেমতলী কমিউনিটি ক্লিনিকে এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জানানো হয়, এই বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের হাম রোগ থেকে সুরক্ষিত করতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী দিনে ১০০ থেকে ১২০ জন শিশুকে টিকা প্রদান করা হয়।

জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, রাজশাহী জেলার শুধুমাত্র গোদাগড়ীতেই বিশেষ এই টিকা দেওয়া হচ্ছে। ৬ হাজার ২৭৮ শিশুকে টিকা দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপজেলার ৩০টি কেন্দ্র থেকে টিকা কার্যক্রম পরিচালিত হবে।

পাবনা
পাবনায় রোগ হাম প্রতিরোধে শুরু হয়েছে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের জরুরি টিকাদান কর্মসূচি। রোববার সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জান চৌধুরী এ টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জরুরি এ কর্মসূচির আওতায় জেলার সদর, আটঘরিয়া, বেড়া ও ঈশ্বরদী উপজেলার ১ লাখ ৮৩ হাজার ৬৬৬ জন শিশুকে টিকা দেওয়া হবে। এদের মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশি সংক্রমণ রয়েছে। এ উপজেলার দোগাছি ও হেমায়েতপুর ইউনিয়নে বেশি সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

শরীয়তপুর
শরীয়তপুরের জাজিরায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদেরকে হামের বিশেষ টিকা দেওয়া শুরু হয়েছে। রোববার সকালে উপজেলার খোশাল সিকদার কান্দির সেলিম মাদবর বাড়ির কেন্দ্রে শিশুদের টিকার উদ্বোধন করেন সিভিল সার্জন রেহান উদ্দিন। বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রটিতে ১৭৫ জন শিশুকে টিকা দেওয়া হবে।

এছাড়া জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও শিশুদের টিকা দেওয়া হচ্ছে। আগামী তিন সপ্তাহে জাজিরায় অন্তত ৩০ হাজার শিশুকে এই টিকার আওতায় আনা হবে বলে জানায় কর্তৃপক্ষ।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, জেলায় এবছর ৫৮ জন শিশু হামে আক্রান্ত হয়। এরমধ্যে ২ জন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে ১৫ শিশু।

(ওএস/এএস/এপ্রিল ০৫, ২০২৬)


পাঠকের মতামত:

০৫ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test