E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভুট্টাখেত থেকে হাত-পা বাঁধা অটোচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার

২০২৬ এপ্রিল ০৭ ১৪:৪৭:০০
ভুট্টাখেত থেকে হাত-পা বাঁধা অটোচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার

রাজন্য রুহানি, জামালপুর : ভুট্টাখেতে বস্তাবন্দি অবস্থায় পড়েছিল জুয়েল শেখ (৩০) নামে এক অটোচালকের লাশ। হাত-পা ছিল রশি দিয়ে বাঁধা। মুখে লাগানো ছিল স্কচটেপ। ধারণা করা হচ্ছে— অটোচালককে অন্য কোথাও হত্যা করে রাতের আঁধারে ভুট্টাখেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তবে হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায় নি।

মঙ্গলবার ৭ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া আমতলী সড়কের পাশে একটি ভুট্টাখেত থেকে বস্তাবন্দি ওই অটোচালকের লাশ উদ্ধার করা হয়।

নিহত অটোচালক পাশ্ববর্তী মেলান্দহ থানার পূর্ব শ্যামপুর গ্রামের আবু হানিফের ছেলে। একটি প্লাস্টিকের বস্তায় তার হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো ছিল।

স্থানীয়রা জানায়, সকালে ভুট্টাখেতের ভেতরে একটি প্লাস্টিকের বস্তার মতো কিছু পড়ে থাকতে দেখে পথচারীরা।

কাছে গিয়ে দেখা যায়— বস্তায় ভরা একজন ব্যক্তির মরদেহ। তখনই পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহতের স্বজনরা জানান, সোমবার দুপুরে অটো নিয়ে বের হন জুয়েল। রাতে তিনি আর বাড়ি ফেরেন নি। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায় নি কোথাও। অবশেষে থানায় পাওয়া গেল তার লাশ। কোনো এক সময় তাকে হত্যা করে অটো ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম গাজী জানান, অজ্ঞাত পরিচয়ের লাশটি উদ্ধারের পর আমরা তার পরিচয় শনাক্ত করেছি। তবে হত্যার প্রকৃত কারণ জানা যায় নি এখনও। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

(আরআর/এএস/এপ্রিল ০৭, ২০২৬)






পাঠকের মতামত:

০৭ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test