E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে গুলিবিদ্ধ

২০২৬ এপ্রিল ০৭ ১৮:৪৯:৫৫
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে গুলিবিদ্ধ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় বনদস্যুর গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। নৌকায় করে কাঁকড়া ধরতে যাওয়ার সময় বনদস্যুদের আহবানে না থামায় তাদেরকে গুলি করার অভিযোগ উঠে। আজ মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটে। তিনি শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মৃত মান্দার গাজীর ছেলে।

তাকে লোকালয়ে নিয়ে আসা জেলে আব্দুর রহমান জানান, প্রতিদিনের মতো তারা সকালে সুন্দরবনের মুল্লিখাল এলাকায় কাঁকড়া আহরণ করতে যান। পথিমধ্যে তাদের নৌকা থামানোর নির্দেশ দেয় দস্যুরা। তারা নৌকা না থামানোয় বনদস্যুদের একটি দল তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হন।

আব্দুর রহিম আরও বলেন, আমরা সহযোগী জেলেরা দ্রুত তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটবর্তী নিরাপদ স্থানে নিয়ে আসি। পরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, আনুমানিক বেলা ১২ টার সময় গুলিবিদ্ধ অবস্থায় বুড়িগোয়ালিনী এলাকার জেলে আতিয়ার রহমানকে আমাদের অফিসে নিয়ে আসলে তাৎক্ষনিক আমরা আহত জেলেকে চিকিৎসা দেওয়ার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, আহত জেলের খোঁজ খবর নেওয়ার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

শ্যামনগর স্বাস্থকমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডাঃ সাকির হোসেন জানান,গুলি আতিয়ার রহমানের কোমরে লেগেছে। তার শরীর থেকে গুলি বের করা প্রয়োজন। তাকে বিকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/এপ্রিল ০৭, ২০২৬)

পাঠকের মতামত:

০৭ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test