E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কালিগঞ্জে কাটা তাল গাছের মাথার আঘাতে কৃষকের মৃত্যু

২০২৬ এপ্রিল ১১ ১৯:৪০:০৭
কালিগঞ্জে কাটা তাল গাছের মাথার আঘাতে কৃষকের মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : কাটা তাল গাছের মাথার আঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরের দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের জয়পত্রকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম প্রজিত সরদার (৫৪)। সে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের বিন্দু সরদারের ছেলে।

বিষ্ণুপুর গ্রামের শংকর সরদার জানান, তার ভাই প্রজিত সরদার সোতা গ্রামে নামযজ্ঞ শোনার জন্য শনিবার দুপুর ১২টার দিকে বাইসাইকেলে বাড়ি থেকে বের হয়। সোয়া ১২টার দিকে সে বিষ্ণুপুর- চৌমুহুনী সড়কের জয়পত্রকাটি গ্রামের জলিল ঢালির বাড়ির পাশে পৌঁছালে একটি কাটা তাল গাছের শুকনো মাথা তার উপর ছিঁটকে পড়লে সে মারাত্মক জখম হয়। বুকের কয়েকটি হাড় ভেঙে যায়। তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে ঘটনাস্থলেই সে মারা যায়। বিকেল চারটার দিকে তার লাশ বাড়িতে আনা হয়েছে।

স্থানীয়রা জানান, সরকারি রাস্তার উপর থাকা একটি তাল গাছ দীর্ঘদিন ধরে নিজের দাবি করে কেটে নেওয়ার চেষ্টা করছিল জয়পত্রকাটি গ্রামের জলিল ঢালী। একপর্যায়ে তিনি ওই তালগাছটি সম্প্রতি মুকুন্দমধুসুধনপুর গ্রামের কাঠ ব্যবসায়ি মাহাফুজ মোড়ল ছোট্টুর কাছে বিক্রি করেন। ছোট্টু শনিবার দুপুরে ওই গাছ তার শ্রমিক দিয়ে কেটে মাটিতে ফেলা মাত্রই তাল গাছের শুকনো মাথা ছিটকে গুরুতর জখম হয়ে প্রজিত সরদার মারা যায়। তবে গাছ কাটার সময় প্রজিতকে থামতে বলা হলেও সে কথা রাখেনি।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারো কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই প্রজিত সরদারের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

(আরকে/এসপি/এপ্রিল ১১, ২০২৬)

পাঠকের মতামত:

১১ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test