E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপিত

২০২৬ এপ্রিল ১৪ ১৬:১৭:২৯
বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপিত

রিপন মারমা, কাপ্তাই : বাঙালি সংস্কৃতির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বর্ণিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে উৎসবমুখর পরিবেশে এসব কর্মসূচি পালিত হয়।

এদিন সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণিল বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা লাল-সাদা পোশাক, মুখোশ, ঢাক-ঢোল, আলপনা ও বৈশাখী সাজে পুরো এলাকাকে উৎসবের জনপদে পরিণত করেন। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ রেস্ট হাউজ চত্বরে এসে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও কয়েক শতাধিক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।শোভাযাত্রা শেষে রেস্ট হাউজ চত্বরে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় ও বাচিক শিল্পী নূর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় "এসো হে বৈশাখ" গানের মাধ্যমে। এরপর শিল্পীরা বৈশাখের গান, লোকজ সঙ্গীত ও চিত্তাকর্ষক নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথিদের ঐতিহ্যবাহী পান্তা-ইলিশে আপ্যায়ন করা হয়।

দিবসটি উপলক্ষে 'রূপসী কাপ্তাই'-এর উদ্যোগে ও সম্পাদক কাজী মোশাররফ হোসেনের পরিচালনায় ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়। শিকড়ের টানে আয়োজিত এসব প্রাচীন ক্রীড়া উৎসব উপস্থিত সকলে অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন,কাপ্তাই থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল ও ওসি (তদন্ত) আমীর সোহেল,উপজেলা বিএনপি সভাপতি লোকমান আহমেদ ও যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু জামায়াত ইসলামী কাপ্তাই উপজেলা আমির মোঃ হারুনুর রশিদ,উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন,

কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

ইউএনও মোঃ রুহুল আমিন তাঁর বক্তব্যে বলেন, "পহেলা বৈশাখ আমাদের শিকড়ের সাথে সংযোগের দিন। ধর্ম-বর্ণ নির্বিশেষে এই উৎসব উদযাপনই বাঙালির প্রকৃত শক্তি। আমরা নতুন বছরে একটি বৈষম্যহীন ও মানবিক কাপ্তাই গড়ে তোলার অঙ্গীকার করি।" সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান।

আনন্দ-উৎসব, ঐতিহ্য আর সম্প্রীতির বার্তা ছড়িয়ে এভাবেই কাপ্তাইয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।

(আরএম/এএস/এপ্রিল ১৪, ২০২৬)

পাঠকের মতামত:

১৪ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test