E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে গ্রেপ্তার আ. লীগ নেতাকে ছিনিয়ে নিলো স্থানীয় জনতা

২০২৬ এপ্রিল ২২ ১৭:৩৬:৩১
ফরিদপুরে গ্রেপ্তার আ. লীগ নেতাকে ছিনিয়ে নিলো স্থানীয় জনতা

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে পুলিশের হাতে গ্রেপ্তারকৃত আসামি এক আ. লীগ নেতাকে ছিনিয়ে নিলো স্থানীয় জনতা। এ ঘটনায় ৫ পুলিশ সদস্য ৬ গ্রামবাসী সহ আহত হয়েছেন কমপক্ষে ১১ জন।

মঙ্গলবার (২১ এপ্রিল) চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর মুন্সিরচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, আসামি কবির খান (৫০) চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর গ্রামের মৃত সুরমান খানের পুত্র এবং তিনি চরহরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয়ভাবে জনপ্রিয় ব্যক্তি। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে চরভদ্রাসন থানায় মামলা রয়েছে। ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে নিয়ে আসতে গেলে স্থানীয়রা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশের সাথে স্থানীয়দের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটলে পাঁচ পুলিশ সদস্য সহ কমপক্ষে ১১জন আহত হয়। সংঘর্ষের চলাকালীন পুলিশের হাতে গ্রেপ্তারকৃত ওই আসামিকে স্থানীয়রা হাতকড়া পরিহিত অবস্থায় নিছিয়ে নেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে চরভদ্রাসন থানার এসআই রফিকুজ্জামানের নেতৃত্বে পাঁচ পুলিশ সদস্য মুন্সিরচর বাজারে অভিযান চালিয়ে কবির খানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে তোলার সময় আসামির বড় ভাই সূর্য খান পুলিশের কাজে বাধা দেন এবং তাৎক্ষণিক কবিরের ২০/২৫ জন স্বজন ও কর্মী সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় আসামি কবির খানকে ছিনিয়ে নেয়। এসময় হামলাকারীদের কিল ঘুষি ও লাঠির আঘাতে এসআই রফিকুজ্জামানের ডান হাত জখমসহ অন্য চার পুলিশ সদস্যরা আহত হন। বর্তমানে আহত পুলিশ সদস্যরা চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

আহত পাঁচ পুলিশ সদস্য হলেন, চর ভদ্রাসন থানার এসআই কাজী রিপন, এসআই মোজাম্মেল হক, এসআই রফিকুজ্জামান, এএসআই গাজী সোহেল রানা ও কনস্টেবল উজ্জ্বল হোসেন।

এ বিষয়ে, চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, আমি তো আর ঘটনাস্থলে ছিলাম না। তবে, লোক মারফত যা জানতে পেরেছি কবিরের এক হাতে হাতকড়া পরিয়ে পুলিশ অন্য হাত ধরে রেখেছিল। কবির খানের অনুসারী ও স্বজনরা এসে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়েছে।

মঙ্গলবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই আসামিকে খুঁজে না পাওয়া গেলেও স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের মাধ্যমে হাতকড়াটি উদ্ধার করে থানায় জমা দেওয়া হয়েছে বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, কবির খান সন্ত্রাসবিরোধী আইনের এক মামলার আসামি। তাকে গ্রেপ্তার করতে পাঁচ পুলিশ সদস্য গেলে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি সহযোগীরা তাকে ছিনতাই করে নিয়েছে। আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আসামি কবির খানকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এমন ঘটনার পর ঘটনাস্থলের আশেপাশের বাড়ীগুলোর পুরুষ সদস্যরা এখন গ্রেপ্তার আতঙ্কে ভুগছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

(আরআর/এসপি/এপ্রিল ২২, ২০২৬)

পাঠকের মতামত:

২২ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test