E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে কৃষি উন্নয়ন নিয়ে পার্টনার কংগ্রেস 

২০২৬ এপ্রিল ২২ ১৭:৩৮:৪৮
গোপালগঞ্জে কৃষি উন্নয়ন নিয়ে পার্টনার কংগ্রেস 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে কৃষক, কৃষির উন্নয়ন ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিস দিনব্যাপী এ কংগ্রেসের আয়োজন করে।

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশের (পার্টনার) আওতায় আয়োজিত এ পার্টনার কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক আবুল বাসার মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, করপাড়া ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, গোবরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী সালাউদ্দিন ও সাংবাদিক শৈলেন মজুমদার।

গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তারের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামের কৃষক আকরামুজ্জামান গাজী, ছিলনা গ্রামের কৃষাণী রিতা কীর্তনীয়া সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এর আগে এ কংগ্রেসে কৃষক-কৃষানীরা কবিতা আবৃত্তি, সংগীত ও নাটিকা উপস্থাপনের মধ্য দিয়ে উত্তম কৃষি চর্চা, দৈনন্দিন প্রয়োজন, সুষম খাদ্য সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, কৃষি একটি মহাযজ্ঞ ও অনেক প্রযুক্তির সমাহার। সমাজের সর্বস্তরের মানুষ এটি জানুক। এ কংগ্রেসে স্থানীয় কৃষক-কৃষাণী, গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, উদ্যোক্তা কৃষক অংশগ্রহণ করেছে। আমাদের লক্ষ্য উদ্যোক্তা কৃষক তৈরি করা। এর মাধ্যমে উদ্যোক্তা কৃষক বৃহৎ জনগোষ্ঠীর খাবার যোগাতে পারবে। এ কংগ্রেস থেকে এটিই আমাদের প্রত্যাশা।

ওই কর্মকর্তা আরো বলেন, কৃষির উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কৃষিকে বাণিজ্যিকীকরণে এ কংগ্রেস ভূমিকা রাখছে।

এ কংগ্রেসের কৃষাণ-কৃষাণী, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তা সহ সহ ১০০ জন অংশ নেন।

(টিবি/এসপি/এপ্রিল ২২, ২০২৬)

পাঠকের মতামত:

২২ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test