E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে ট্রিপল মার্ডার, অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

২০২৬ এপ্রিল ২৮ ১৩:৫০:১৮
ফরিদপুরে ট্রিপল মার্ডার, অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার ট্রিপল মার্ডারের একমাত্র অভিযুক্ত যুবক আকাশ মোল্লা (২৮)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০ ও কোতয়ালি থানা পুলিশের যৌথ দল।

মঙ্গলবার ভোরে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে ঘাতকের বাড়ির পাশের একটি কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গেলে তাকে দেখতে পেয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিব হোসেন ঝাপটে ধরে ফেলেন। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে গ্রেপ্তারকৃত আকাশকে ফরিদপুর কোতোয়ালি থানার হেফাজতে রাখা হয়েছে।

অভিযানে অংশ নেওয়া র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার গাজী মো. লুৎফর রহমান জানান, অভিযুক্তের অবস্থান নিশ্চিত হওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটককালে তার আচরণ অসংলগ্ন ছিল বলে তিনি উল্লেখ করেন।

এর আগে সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামের আজগর মোল্লার বাড়ির উঠানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, আকাশ মোল্লা হঠাৎ কোদাল নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মা রাহেলা বেগম (৫০), ফুফু আমেনা বেগম (৭৫) ও কাবুল (৪৫) নামের এক প্রতিবেশী নিহত হন। একই ঘটনায় রিয়াজ মোল্লা (৪৫) নামে আরেক প্রতিবেশী গুরুতর আহত হন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং আইনগত কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আকাশকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল উদ্ধার ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ মঙ্গলবার প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত আসামি আকাশ মোল্লাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে ফরিদপুর কোতয়ালি থানা পুলিশ।

(আরআর/এএস/এপ্রিল ২৮, ২০২৬)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test