E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, ধ্বংস করে মাটিচাপা

২০২৬ এপ্রিল ২৮ ১৪:০৬:০৫
কাপ্তাইয়ে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, ধ্বংস করে মাটিচাপা

রিপন মারমা, কাপ্তাই : রাঙ্গামাটি কাপ্তাইয়ে বন বিভাগের বিশেষ অভিযানে বিপন্ন প্রজাতির একটি বিশালাকৃতির ‘বাঘা আইড়’ মাছ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জেটিঘাট এলাকা থেকে ১৬ কেজি ওজনের মাছটি জব্দ করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে সেটিকে ধ্বংস করে মাটিচাপা দিয়েছে বন বিভাগ।

বর্তমানে কাপ্তাই হ্রদে মাছের প্রজনন ও বংশবৃদ্ধির লক্ষ্যে সরকারিভাবে ৩ মাসের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে এক জেলে কর্ণফুলী নদী বা হ্রদ থেকে ১৬ কেজি ওজনের একটি বাঘা আইড় শিকার করেন। মাছটি গোপনে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হলে মো. লিয়াকত নামে এক ব্যবসায়ী প্রতি কেজি ১ হাজার টাকা দরে মোট ১৬ হাজার টাকায় সেটি কিনে নেন।

গোপন সংবাদ পেয়ে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমানের নেতৃত্বে জেটিঘাট এলাকায় অভিযান চালায় বন বিভাগ। এসময় ব্যবসায়ী লিয়াকতের কাছ থেকে মাছটি উদ্ধার করা হয়। মাছটি লম্বায় প্রায় ৪ ফুট এবং ওজনে ১৬ কেজি ছিল।

বন বিভাগ জানায়, বাঘা আইড় (Bagarius bagarius) বর্তমানে বাংলাদেশে ‘লাল তালিকাভুক্ত’ একটি মহাবিপন্ন প্রজাতি। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী এই মাছ শিকার, পরিবহন ও কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশনায়, উদ্ধারকৃত মাছটি রাত সাড়ে ৯টার দিকে কেটে কেরোসিন তেল মিশিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়, যাতে কেউ এটি ব্যবহার করতে না পারে।

অভিযান ও ধ্বংসকরণ প্রক্রিয়ার সময় উপস্থিত ছিলেন,কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মজিবুর রহমান, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান ও বন বিভাগের অন্যান্য কর্মচারীবৃন্দ।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, হ্রদে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা এবং বিপন্ন বন্যপ্রাণী রক্ষায় তাদের এ ধরনের অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

(আরএম/এএস/এপ্রিল ২৮, ২০২৬)





পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test