E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় নারী ব্যবসায়ী বীথিকা সাধু হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

২০২৬ এপ্রিল ২৮ ১৭:৫৭:৩৮
সাতক্ষীরায় নারী ব্যবসায়ী বীথিকা সাধু হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার মাগুরা বৌবাজারে নারী ব্যবসায়ী বীথিকা সাধুকে নির্যাতন চালিয়ে হত্যার পর পুকুরের পানিতে ফেলে লাশ গুমের চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছেলে কার্তিক সাধু বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে সোমবার থানায় এ মামলা দায়ের করেন।

এদিকে বীথিকা সাধুকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাতক্ষীরা সদরের ফুলবাড়ি মাঝেরপাড়ার নূর আলী সরদারের ছেলে জাকির হোসেন (৩১) ও একই উপজেলার মাগুরা বৌ বাজারের নূর ইসলামের ছেলে সালাউদ্দিন মনা (৩১)।

কার্তিক সাধু জানান, সোমবার বিকেলে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে তার মায়ের লাশ সোমবার রাতে স্থানীয় শ্মশানে সৎকার করা হয়েছে।

মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক শরিফুল ইসলাম জানান, বীথিকা সাধুকে নির্যাতন চালিয়ে হত্যার ঘটনায় তার ছেলে কার্তিক সাধু বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে সোমবার সন্ধ্যায় থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বীথিকা রবিবার রাত সাড়ে সাতটার দিকে মাগুরা বৌবাজারে নিজের দোকানে যাওয়ার পথে বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বাঁশ বাগানের কাছে ইট দিয়ে থেঁতলে হত্যার পর লাশ গুম করার জন্য পার্শ্ববর্তী বাসুদেব সাধুর পুকুরে ফেলে দেওয়া হয়। রাতেই নিজ নিজ বাড়ি থেকে জাকির ও সালাউদ্দিন মনাকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদেরকে আরো জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমাণ্ড আবেদন জাননো হবে।

(আরকে/এসপি/এপ্রিল ২৮, ২০২৬)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test