E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী

২০২৬ এপ্রিল ৩০ ১৯:০৬:২৩
পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও তিন বছর বয়সী শিশুকন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন স্ত্রী। স্বামীর অভিযোগ প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করেছেন স্ত্রী। 

এমন ঘটনা ঘটেছে উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামে। গত শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন স্ত্রী রিম্পা আক্তার। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বুধবার রাতে টুঙ্গিপাড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন পঙ্গু ভ্যানচালক স্বামী রাজ্জাক শেখ।

রাজ্জাক শেখ গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপিনাথপুর গ্রামের রুহুল শেখের ছেলে। কিন্তু বিয়ের পর থেকে তিনি টুঙ্গিপাড়ার পূর্ব গিমাডাঙ্গা গ্রামে মামা বাড়িতে বসবাস করে ভ্যান চালিয়ে উপার্জন করতেন। রাজ্জাকের সংসারে তিন বছর বয়সী কন্যা শিশু সন্তান রয়েছে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, বিয়ের আগে সড়ত দুর্ঘটনায় আহত হয়ে রাজ্জাক শেখের একটি পা কেটে ফেলতে হয়। তারপর থেকে ওই অবস্থায় ভ্যান চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন।

৫ বছর আগে খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামের রহমান সরদারের মেয়ে রিম্পা আক্তারের (১৮) সঙ্গে বিয়ে হয় রাজ্জাকের। বিয়ের দুই বছর পর তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম নেয়। বিয়ের পর থেকে সুখেই তাদের সংসার চলছিলো। গত শুক্রবার (২৪ এপ্রিল) হটাৎ করে স্ত্রী রিম্পা তিন বছর বয়সী কন্যা শিশুকে বাড়িতে রেখে চলে যান। পরে স্বামী রাজ্জাক পাগলের মতো খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পায়নি।

পঙ্গু ভ্যান চালক রাজ্জাক শেখ বলেন, গত শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ভ্যান চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হই। যাওয়ার আগে স্ত্রীর সঙ্গে স্বাভাবিক কথাবার্তা হয়, বিকালে ফিরে আসার কথা জানাই। কিন্তু বিকালে বাড়ি ফিরে দেখি স্ত্রী রিম্পা ঘরে নেই। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। নতুন ঘর দেব এজন্য ঋণ করে ১ লাখ টাকা এনে ঘিরে রাখি। যাওয়ার সময় রিম্পা ওই টাকাও নিয়ে গেছে। কয়েকদিন পর রিম্পা ফোন করে জানায় সে গোপালগঞ্জের মুকসুদপুরে গিয়ে প্রেমিকের সঙ্গে বিয়ে করেছে, আর ফিরবে না। সেই সাথে তালাকের কাগজপত্র পাঠানোর কথা বলে ফোন কেটে দেয়।

কান্না করে পঙ্গু রাজ্জাক আরও বলেন, আমাদের মধ্যে কখনো বড় ধরনের ঝগড়া হয়নি। ছোটখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি হলেও স্বাভাবিক সংসার চলছিল। কিন্তু সে এভাবে চলে গেল, এটা মেনে নিতে পারছি না। ছোট বাচ্চাটির জন্য সে ফিরে এলে আমি এখনো তাকে মেনে নিতে প্রস্তুত। কারণ শিশুটিও এখনো মা মা করছে। স্ত্রীকে ফিরে পেতে সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

এ বিষয়ে জানতে রিম্পার কল দেয়া নাম্বারে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে তার বাবা রহমান সরদার বলেন, শুনেছি সে তার স্বামীকে জানিয়ে প্রেমিকের সাথে পালিয়ে গেছে। রিম্পা যাওয়ার পর থেকে আমাদের সাথেও কোন যোগাযোগ করেনি।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, এঘটনায় ভুক্তভোগী রাজ্জাক শেখ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(টিবি/এসপি/এপ্রিল ৩০, ২০২৬)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test