E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে বেপরোয়া গতিতে ট্রাকের তাণ্ডব, গণপিটুনিতে চালক নিহত

২০২৬ মে ০২ ১৭:৫৬:২০
ফরিদপুরে বেপরোয়া গতিতে ট্রাকের তাণ্ডব, গণপিটুনিতে চালক নিহত

সালথা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে একাধিক পথচারীকে আহত করার পর স্থানীয় জনতার গণপিটুনিতে হান্নান (৪৫) নামে ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১ মে) দিনগত রাত ৯টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক হান্নানের বাড়ি বোয়ালমারী উপজেলায়।

আহতরা হলেন- ট্রাকের হেলপার সালথা উপজেলার বাসিন্দা মোঃ নাঈম (২২) ও একই উপজেলার কাগদী এলাকার বাসিন্দা মোঃ আল-আমিন (২৫)। তারা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালথা উপজেলার রসুলপুর এলাকা থেকে আসা একটি ট্রাক বেপরোয়া গতিতে গ্রামের সরু সড়ক দিয়ে চলাচল করছিল। ট্রাকটির বেপরোয়া গতির কারণে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রাকটি রসুলপুরসহ আশপাশের এলাকায় একাধিক পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটির ধাক্কায় কয়েকজন পথচারী আহত হয়েছেন। পরে ট্রাকটি নগরকান্দা উপজেলার বিলনালিয়া নতুনহাটখোলা বাজারে মুন্সী স্টোরে সজোরে ধাক্কা দিলে ক্ষুব্ধ জনতা সেটির গতিরোধ করে। এ সময় উত্তেজিত জনতা ট্রাকচালক, হেলপারসহ তিনজনকে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। একই সঙ্গে ট্রাকটিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ বলেন, ট্রাকটি বেপরোয়া গতিতে বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে আসছিল। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আহতের প্রকৃত সংখ্যা যাচাই করা হচ্ছে।

তিনি আরও জানান, নিহত চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এএন/এসপি/মে ০২, ২০২৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test