E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মায়ের হাত ধরে বেরিয়ে নিখোঁজ জুহি, ১০ দিনেও মেলেনি সন্ধান

২০২৬ মে ০৯ ১৯:২৮:৫৮
মায়ের হাত ধরে বেরিয়ে নিখোঁজ জুহি, ১০ দিনেও মেলেনি সন্ধান

দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে ফাতেমাতুজ জহুরা ওরফে জুহি (১০) নামে এক চতুর্থ শ্রেণির স্কুলছাত্রী এবং তার মা এলিজা শারমিন (৪৮) ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল বিকেলে মায়ের সঙ্গে ঘুরতে বের হওয়ার পর থেকেই মা-মেয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তাদের সন্ধান মেলেনি।

নিখোঁজ জুহি ফরিদপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তারা ফরিদপুর শহরের লাক্সারি হাসান টাওয়ারের দ্বিতীয় তলায় বসবাস করতেন। ঘটনার পর থেকেই পরিবারটি চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে।

নিখোঁজ শিশুর বাবা জামাল উদ্দিন ওরফে কানু জানান, তার স্ত্রী এলিজা শারমিন দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এর আগেও একাধিকবার তিনি কাউকে না জানিয়ে বাইরে গিয়েছিলেন এবং পরে ফিরে এসেছিলেন। তবে এবার দীর্ঘ সময় পার হলেও কোনো খোঁজ না পাওয়ায় পরিবারটি চরম দুশ্চিন্তায় রয়েছে।

এদিকে ১০ দিনেও সন্ধান না পেয়ে পরিবারটি আজ শনিবার (৯ মে) ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিয়েছে। একই সঙ্গে কেউ সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে পরিবার। যোগাযোগের জন্য ০১৬১১-৮৩০১৪৩ নম্বর দেওয়া হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং নিখোঁজদের উদ্ধারে উদ্যোগ গ্রহণ করা হবে।

(ডিসি/এসপি/মে ০৯, ২০২৬)

পাঠকের মতামত:

২৫ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test