E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে এমপির বিশেষ ‘হটলাইন সেবা’ চালু

২০২৬ মে ১০ ১৭:৫৭:১৫
নড়াইলে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে এমপির বিশেষ ‘হটলাইন সেবা’ চালু

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে এবং প্রবাসী ও সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ‘হটলাইন সেবা’ ও ‘ডিজিটাল তথ্য সেবা’ কার্যক্রম চালু করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু।

শনিবার (৯ মে) বিকেলে নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু হটলাইন সেবার উদ্দেশ্য, কার্যক্রম ও গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, “আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। অনেক সময় সাধারণ মানুষ সরাসরি আমার কাছে পৌঁছাতে পারেন না। এই হটলাইন সেবার মাধ্যমে নড়াইল-২ আসনের মানুষ এখন ঘরে বসেই তাদের অভাব-অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন। বিশেষ করে প্রবাসী পরিবারের নিরাপত্তা এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সুরক্ষায় আমরা কোনো আপস করব না।”

এমপি বাচ্চু জানান, বর্তমান সময়ের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ডিজিটাল সেবা জনগণের কাছে সহজলভ্য করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের অংশ হিসেবে নড়াইলকে একটি নিরাপদ ও আধুনিক জনপদে রূপান্তর করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, হটলাইন সেবার মাধ্যমে সাধারণ নাগরিকদের বিভিন্ন সমস্যা ও ব্যক্তিগত প্রয়োজনের বিষয়ে সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি প্রবাসীদের পরিবারের যেকোনো সংকট, হয়রানি বা নিরাপত্তাজনিত সমস্যায় তাৎক্ষণিক সহযোগিতা দেওয়া হবে। এছাড়া সংখ্যালঘু ও অন্যান্য ধর্মাবলম্বী পরিবারের জানমাল রক্ষা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করতেও বিশেষ সেল কাজ করবে বলে জানানো হয়েছে।

জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য তিনটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলো হলো ০১৩৫০-১৭৩৭৩৭,০১৩৫০-১৭৩৭১৭,০১৩৫০-১৭৩৭৭৭।

এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ‘ডিজিটাল তথ্য সেবা নড়াইল-২’ ফেসবুক পেজের মাধ্যমেও নাগরিকরা সরাসরি তাদের অভিযোগ, সমস্যা ও মতামত জানাতে পারবেন। পুরো কার্যক্রমটি সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর বিশেষ তত্ত্বাবধানে পরিচালিত হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাড.আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, বাংলাদেশ জামায়াত ইসলামের প্রচার বিভাগে কর্মরত ড. আব্দুস সোবহান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইস্রাফিল খবির রাজু, পূজা উদযাপন কমিটির সভাপতি পঙ্কজ বিহারী ঘোষ, জামায়াত নেতা হিমায়েতুল ইসলাম হিমুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/মে ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test