E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় চাঁদাবাজির মামলায় কারাগারে শ্রমিকলীগ নেতা

২০২৬ মে ১১ ১৫:০৭:৫৭
সালথায় চাঁদাবাজির মামলায় কারাগারে শ্রমিকলীগ নেতা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : গ্রেপ্তার এড়াতে ফরিদপুরের সালথা উপজেলা প্রেসক্লাব গঠন করা সেই শ্রমিকলীগ নেতা চৌধুরী মাহমুদ আশরাফ টুটুকে চাঁদাবাজি মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। চৌধুরী টুটু সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন অনিয়মের অভিযোগে আলোচিত। তিনি সালথা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।

রবিবার (১০ মে) সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুরে সালথার আমলী আদালতে হাজির হলে ওই আদালতের বিচারক কৃষ্ণা বালা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী জসীমউদ্দীন মৃধা।

জসীমউদ্দিন মৃধা বলেন, ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির চেষ্টার একটি মামলায় তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এর আগে টুটু চৌধুরীকে ঘিরে নানা অভিযোগ সামনে আসে। স্থানীয় সাংবাদিকদের দাবি, গত ফেব্রুয়ারিতে একটি হোটেলে কয়েকজনকে নিয়ে “সালথা উপজেলা প্রেসক্লাব” নামে নতুন একটি সংগঠনের কমিটি ঘোষণা করেন তিনি। ওই কমিটিতে সভাপতি করা হয় টুটু চৌধুরীকে।

অভিযোগ রয়েছে, ১৮ সদস্যের ওই কমিটিতে অধিকাংশ সদস্যের সাংবাদিকতার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। তাদের মধ্যে কেউ যুবলীগ, কেউ ছাত্রদল, আবার কেউ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এমনকি ভুয়া আইডি কার্ড তৈরি করে সদস্য বানানোর অভিযোগও উঠেছে।

স্থানীয় সাংবাদিকদের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে টুটু চৌধুরী সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন সরকারি দপ্তরে দালালি, চাঁদাবাজি ও প্রভাব বিস্তার করতেন। এছাড়া মাটি-বালু ব্যবসা নিয়ন্ত্রণ ও থানাকেন্দ্রিক দালালির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর এক ছাত্র গ্রেপ্তার এড়াতে এক ছাত্রলীগ নেতা নিয়ে সালথা উপজেলা প্রেসক্লাব গঠন করেন চৌধুরী মাহমুদ আশরাফ টুটু। তিনি ওই প্রেসক্লাবের সভাপতি হয়ে এলাকায় চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িয়ে পড়েন।

(এএনএইচ/এএস/মে ১১, ২০২৬)

পাঠকের মতামত:

১১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test