E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‎ঈশ্বরদীতে শিক্ষার্থী অসুস্থের ঘটনায় তদন্ত কমিটি 

২০২৬ মে ১৪ ১৯:৩০:০৭
‎ঈশ্বরদীতে শিক্ষার্থী অসুস্থের ঘটনায় তদন্ত কমিটি 

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে বিষাক্ত কেমিক্যালের গন্ধে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব বুধবার সন্ধ্যায় এ কমিটি গঠন করেন। বিষয়টি বৃহস্পতিবার (১৪ মে) নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আবাসিক মেডিকেল অফিসার ডা. কাবেরী শাহ।

গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. কাবেরী শাহকে এবং সদস্য সচিব করা হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে। কমিটির অন্য সদস্যরা হলেন— ঈশ্বরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের গবেষণা বিভাগের পরিচালক ড. মো. আতাউর রহমান এবং ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত)।

কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ নাজনীন আফরোজ জানান, অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ৪৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে ৬ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অন্যরা জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

উল্লেখ্য, বুধবার (১৩ মে) দুপুরের পর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ ‘বিষাক্ত কেমিক্যালের গন্ধে’ প্রায় ৬০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে শ্বাসকষ্ট, বমি, মাথা ঘোরা ও খিচুনিসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর শ্রেণিকক্ষ থেকে পিঁপড়া ও ইঁদুর মারার ওষুধ এবং উকুননাশক ওষুধের বোতল উদ্ধার হয়েছে বলে বিভিন্ন ধরণের কথা ছড়িয়ে পড়ে । তবে ঠিক কোন কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কোনো বিষাক্ত রাসায়নিকের প্রভাবে এ ঘটনা ঘটতে পারে।

(এসকেকে/এসপি/মে ১৪, ২০২৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test