E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’ শুরু

২০২৬ মে ১৯ ১৮:০৯:০০
কাপ্তাইয়ে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’ শুরু

রিপন মারমা, রাঙ্গামাটি : "জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। 

কাপ্তাই উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই মেলা আজ মঙ্গলবার থেকে শুরু হয়ে আগামী ২১ মে পর্যন্ত চলবে।মঙ্গলবার সকালে কাপ্তাই উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কাপ্তাইয়ের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, রাঙ্গামাটি জেলা সিনিয়র সহ-সভাপতি মো. রহমত উল্লাহ এবং কাপ্তাই উপজেলা জামায়াতের সভাপতি মো. হারুনুর রশিদ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মৌজার হেডম্যান, কার্বারি, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বলেন, "বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি ও সময়ের অপচয় অনেকটাই কমে এসেছে। এই মেলার মাধ্যমে নাগরিকরা খুব সহজেই তাদের ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা ও পরামর্শ এক ছাদের নিচে পেয়ে যাবেন।"

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা পার্বত্য অঞ্চলে ভূমি সেবার আধুনিকায়নের প্রশংসা করেন। একই সাথে সাধারণ মানুষকে দালালের খপ্পর থেকে দূরে থেকে সরাসরি ডিজিটাল সেবা গ্রহণের আহ্বান জানান।

মেলা প্রাঙ্গণে আগত সেবাগ্রহীতাদের জন্য তাৎক্ষণিক ই-নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর সংক্রান্ত সেবা দেওয়া হচ্ছে। এছাড়া ভূমি বিষয়ক যেকোনো পরামর্শ ও অভিযোগের জন্য বিশেষ বুথ স্থাপন করা হয়েছে।

মেলা কর্তৃপক্ষ সর্বসাধারণের সুবিধার্থে কিছু জরুরি যোগাযোগ মাধ্যম ও হেল্পলাইন শেয়ার করেছেন, ভূমিসেবা ও অভিযোগ কেন্দ্র (দেশ থেকে): ১৬১২২ (২৪/৭ খোলা) বিদেশ থেকে ভূমিসেবা: +৮৮ ০৯ ৬১২৩ ১৬১২২ অফিসিয়াল ওয়েবসাইট: land.gov.bd ফেসবুক পেজ facebook.com/land.gov.bd আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাপ্তাই উপজেলা ভূমি অফিসে এই মেলা ও সেবা কার্যক্রম সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

(আরএম/এসপি/মে ১৯, ২০২৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test