E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুন্দরবনে জেলে হত্যাকারীর শাস্তি হবেই: বনপ্রতিমন্ত্রী

২০২৬ মে ১৯ ১৯:৪৮:০৩
সুন্দরবনে জেলে হত্যাকারীর শাস্তি হবেই: বনপ্রতিমন্ত্রী

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম ভার্চুয়ালি যুক্ত হয়ে নিহতের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং জেলে হত্যাকারীর শাস্তি হবেই বলে নিহতের পরিবারকে আশ্বস্ত করেন। 

আজ মঙ্গলবার দুপুরের দিকে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ড. মনিরুজ্জামানের নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামে নিহত আমিনুর রহমানের বাড়িতে যান। সেখানে গিয়ে ড. মনিরুজ্জামান ভিডিও কলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী সাথে নিহতের পরিবারের সাথে কথা বলিয়ে দেন।

প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবনে জেলে নিহতের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। সরকার নিহতের পরিবারের পাশে থাকবে এবং ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

নিহত আমিনুর রহমান পাঁচ সন্তানের জনক ছিলেন। দুই মেয়ে ও তিন ছেলে। সেই ছিলো পরিবারের একমাত্র উপার্জন কারী ব্যক্তি। তাকে হারিয়ে পরিবার দিশে হারা হয়ে পড়েছে বলে জানান এলাকাবাসী।

বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং সন্তানদের ভবিষ্যতের দায়িত্বে পাশে থাকার আশ্বাস দেন নেতারা।

ড. মনিরুজ্জামান বলেন, বৈধ পাস নিয়ে জীবিকার তাগিদে বনে যাওয়া একজন অসহায় জেলের ওপর এভাবে গুলি চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিএনপি সবসময় এই পরিবারের পাশে থাকবে এবং নিহতের এতিম সন্তানদের সহায়তায় সর্বোচ্চ চেষ্টা করবে।

এদিকে, দুপুর দিকে নিহতের পরিবারকে সান্ত্বনা ও সহায়তা দিতে আসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান নিহতের পরিবারের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন।

মাওলানা আব্দুর রহমান বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে এই পরিবারটি আজ দিশাহারা। জামায়াতে ইসলামী সবসময় মজলুমের পাশে থাকে। আমরা এই অসহায় পরিবারটিকে আর্থিক সহযোগিতা করেছি এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই ৫ এতিম সন্তানের দায়িত্ব নিয়ে সবসময় পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সুন্দরবনে গুলিতে জেলে নিহত এবং পরবর্তীতে বন বিভাগের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। তবে এই পৃথক দুটি ঘটনায় এখনও পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও সিদ্ধান্তের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম জানান, নিহত জেলে আমিনুর রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ আজ বিকেলে গ্রামের বাড়িতে এনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, গত ১৮মে সোমবার খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোস্টা হেলাবাসী অভয়ারণ্য এলাকায় কাঁকড়া আহরণের সময় বন বিভাগের ‘স্মার্ট পেট্রোলিং টিম’-এর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আমিনুর রহমান গাজী ঘটনাস্থলেই নিহত হন। এঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী ও বিক্ষুব্ধ জনতা লাশ নিয়ে সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ অফিসে হামলা চালায়। হামলা চালিয়ে ভাঙচুর সহ ৫ জনকে আহত করে। পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে পরবর্তীতে নীলডুমুর ১৭ বিজির ৩০ সদস্যের একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এসময় থানা পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

(আরকে/এসপি/মে ১৯, ২০২৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test