E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

২০২৬ মে ২০ ১৮:০৫:৩১
ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ফরিদপুরের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ফরিদপুরের সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস মোল্লা রাজু।

বক্তারা বলেন, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ফায়ার সার্ভিসের সদস্যরা মানুষের জানমাল রক্ষায় নিজেদের জীবন বাজি রেখে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। অগ্নি নির্বাপনের পাশাপাশি সড়ক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য জরুরি পরিস্থিতিতেও সংস্থাটির সদস্যরা দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

তারা আরও বলেন, দুর্ঘটনার কারণ শনাক্ত করে তা প্রতিরোধে জনসচেতনতা তৈরিতেও ফায়ার সার্ভিস গুরুত্বপূর্ণ অবদান রাখছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা বাহিনীগুলোর মধ্যে ফায়ার সার্ভিস অন্যতম উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। সংস্থাটিকে আধুনিকায়নে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলেও বক্তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে জনসচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আগামী ২০ থেকে ২২ মে পর্যন্ত বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এর আগে সকালে জাতীয় পতাকা ও বিভাগীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ফায়ার সার্ভিসের জরুরি উদ্ধারকাজে ব্যবহৃত বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের পাশাপাশি রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম। পরে কেক কাটার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

(ডিসি/এসপি/মে ২০, ২০২৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test