E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সারাদেশে শিশু ধর্ষকের দ্রুত ফাঁসির দাবি

২০২৬ মে ২৩ ১৯:৪৭:০৮
সারাদেশে শিশু ধর্ষকের দ্রুত ফাঁসির দাবি

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে রামিসাসহ সকল শিশু ধর্ষকদের দ্রুত ফাঁসির দাবি জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। শিশু ধর্ষণ ও নির্যাতনকারীদের দ্রুত আইনের মাধ্যমে মৃত্যুদণ্ডের দাবিতে অনুষ্ঠিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।

আজ শনিবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও জেলা শিশু সুরক্ষা এডভোকেসি নেটওয়ার্ক সংগঠন।

মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, সাবেক পৌর কাউন্সিলর সিদ্ধার্থ সংকর রায়, এড. শামীম আরা, নারীনেত্রী রায়হানা রহমান লতা, উন্নয়নকর্মী মুর্শেদ ইকবাল, বিমল জেমস কস্তা, শিক্ষার্থী মারজানা শেখ মেহজাবিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে যেন শিশু ধর্ষণের মহোৎসব চলছে। এ পরিস্থিতি সবার জন্যই চরম উদ্বেগের ও শঙ্কার। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে এ পরিস্থিতিকে কঠোর হস্তে দমন করতে হবে। নইলে দিনে দিনে ভয়াবহ পরিস্থিতির দিকে চলে যাবে দেশ। সারাদেশে যেসব শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেসব অপরাধীকে দ্রুতআইনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হলে হয়তো আজ এমন পরিস্থিতি তৈরি হতো না।

বক্তারা ধর্ষণ ও নৃসংশভাবে শিশু রামিসার হত্যাকারীকে দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ করে ফাঁসি কার্যকরের দাবি জানান।

তারা বলেন, রামিসার ঘটনা নাড়া দিয়েছে গোটা দেশকে। এমন নির্মম হত্যাকাণ্ডের খবরে যেমন কেঁদেছেন দেশবাসী। তেমনি দ্রুত সময়ের মধ্যে রামিসার হত্যাকারীকে গ্রেপ্তার করে বাহবা পেয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। তাই আসামি যেহেতু ধরা পড়েছে, ধর্ষণ ও হত্যার কথা সে স্বীকারও করেছে, এখন মামলায় দীর্ঘসূত্রিতা না এনে ওই আসামিকে দ্রুত ফাঁসি কার্যকর দেখতে চাই আমরা।

বক্তারা আরও বলেন, আমাদের জামালপুরে গত এক মাসে নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা ঘটছে ১৩টি। সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় বারবার ঘটছে এমন ঘটনা। সরকার ও স্থানীয় প্রশাসনকে এক্ষেত্রে কঠোর ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানানো হয়।

মানববন্ধন কর্মসুচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরআর/এসপি/মে ২৩, ২০২৬)

পাঠকের মতামত:

২৩ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test