E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে ভূমিদস্যু, দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানববন্ধন

২০২৬ মে ২৪ ১৯:০৯:৩২
নড়াইলে ভূমিদস্যু, দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানববন্ধন

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় ভূমিদস্যু, ভূমি জালিয়াত, দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসীসহ ভুক্তভোগীরা। 

আজ রবিবার সকালের দিকে কালনা- নড়াইল জাতীয় মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে লোহাগড়ার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় একটি ভূমি জালিয়াতি চক্র জাল দলিল ও ভুয়া ডিগ্রির মাধ্যমে বিভিন্ন এলাকার জমি দখলের চেষ্টা করছেন। লক্ষ্মীপাশা এলাকার শাহজাহান শেখ ওরফে কুটি, সাহিদুল ইসলাম, জাহিদ হোসেনসহ একটি চক্র এই ভূমি জালিয়াতির সাথে জড়িত। এই চক্রের সদস্যরা নামে-বেনামে বিভিন্ন এলাকার জমাজমি জাল দলিল ও অবৈধ ডিগ্রির মাধ্যমে দখলের চেষ্টা করছে। এই চক্রের অত্যাচারে এলাকার মানুষজন অতীষ্ট হয়ে পড়েছে।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট নেওয়াজ আহম্মেদ ঠাকুর নজরুল, বিএনপি নেতা আনিচুর রহমান কামাল, সৈয়দ শাহ আলম, মো: মুসা মোল্যা, ভুক্তভোগী সুশান্ত বিশ্বাস ও এসএম ইমান আলী।

মানববন্ধন কর্মসূচি শেষে ভুক্তভোগীরা লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার স্মারকলিপি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, 'অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে'।

(আরএম/এসপি/মে ২৪, ২০২৬)

পাঠকের মতামত:

২৪ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test