E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা

২০২৬ মে ২৫ ১৯:৩০:০০
তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা

একে আজাদ, রাজবাড়ী : কোরবানির পশু কেনা হয়েছে। ছুরি, বঁটি, চাপাতিতে জোগাড় হয়েছে। শান দেওয়া হয়েছে পুরনো অস্ত্রে। কিন্তু জবাই করা পশুর মাংস কাটা হবে কিসের ওপর রেখে। এ জন্য চাই শক্ত-পোক্ত বুচার ব্লক, সহজ বাংলায় যাকে বলে খাইট্টা। আর খাইট্টার জন্য সবচেয়ে উপযুক্ত ও জনপ্রিয় হলো তেঁতুল কাঠ। মাঝে সময় মাত্র দুই দিন। পবিত্র ঈদুল আজহায় কোরবানিকে সামনে রেখে রাজবাড়ীর বিভিন্ন এলাকায় জমে উঠেছে তেঁতুল কাঠের খাইট্টার ব্যবসা। শক্ত ও টেকসই হওয়ায় পশুর মাংস কাটার কাজে কসাইদের প্রথম পছন্দ এটি।

শুধু কসাই নয়, সাধারণ মানুষও কোরবানির প্রস্তুতির অংশ হিসেবে কিনছে তেঁতুল কাঠের খাইট্টা।
সরেজমিনে জেলার বিভিন্ন কাঠপট্টি ও অস্থায়ী বাজার ঘুরে দেখা যায়, ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা খাইট্টার পসরা সাজিয়ে বসেছেন। কোনো কোনো জায়গায় করাতিরা তেঁতুল কাঠের কাঠ কেটে বিভিন্ন মাপের খাইট্টা তৈরি করছেন।

খাইট্টা বিক্রেতা রাসেল শেখ জানান, আকার ও মানভেদে একেকটি খাইট্টা ২০০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে বড় আকারের ও উন্নতমানের খাইট্টার দাম এক হাজার টাকাও ছাড়িয়ে যাচ্ছে।
কোরবানির সময় চাহিদা বেড়ে যাওয়ায় দামও একটু বেশি থাকে।

ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এবার খাইট্টার দাম অনেকটাই বেড়েছে। এক ক্রেতা বলেন, গতবার যে খাইট্টা ৩০০ টাকা থেকে ৪০০ টাকায় পাওয়া যেত, এবার সেটি ৮০০ থেকে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। আরেক ক্রেতা বলেন, তেঁতুল কাঠের বিশেষ বৈশিষ্ট্য হলো এতে মাংস লেগে থাকে না। অন্য কাঠে এই সুবিধা পাওয়া যায় না।

খাইট্টা বিক্রেতা আজাদ শেখ জানান, তিনি প্রায় ৩০ বছর ধরে তেঁতুল কাঠের ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু আগের তুলনায় এখন তেঁতুল কাঠ পাওয়া অনেক কঠিন। কাঠের দাম যেমন বেড়েছে, তেমনি শ্রমিক খরচও বেড়েছে। তাই বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

কাঠ ব্যবসায়ী দিরাজ সিকদার জানান, দেশে তেঁতুল গাছের সংখ্যা কমে যাওয়ায় কাঠের সংকট তৈরি হয়েছে। অনেক ক্রেতা আগাম টাকা দিলেও চাহিদা অনুযায়ী সরবরাহ করা যাচ্ছে না।

এদিকে করাতিরা বলছেন, সারা বছর গাছ কাটার কাজ করলেও ঈদের মৌসুমে খাইট্টা তৈরির কাজ করে বাড়তি আয় হয় তাদের।

ব্যবসায়ী আব্দুল হক, আরজু শেখ জানান, তেঁতুল কাঠ অত্যন্ত শক্ত ও মজবুত হওয়ায় এটি মাংস কাটার জন্য উপযোগী। প্রতিবছর কোরবানির ঈদ সামনে রেখে বিভিন্ন করাতকল ও মহাজনের কাছ থেকে ছোট ছোট কাঠের গুঁড়ি সংগ্রহ করে তারা নির্দিষ্ট মাপে কেটে খাইট্টা তৈরি করেন।

(একে/এসপি/মে ২৫, ২০২৬)

পাঠকের মতামত:

২৫ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test