E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি

২০২৬ মে ২৫ ১৯:৩৫:০৪
দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি

একে আজাদ, রাজবাড়ী : সব ফেরি সচল থাকায় ঈদযাত্রার প্রথম দিনেই রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নির্বিঘ্নে পারাপার হচ্ছে যাত্রী ও যানবাহন। যাত্রী ও গাড়ির চাপ বাড়লেও ঘাট এলাকায় দেখা যায়নি দীর্ঘ যানজট। ফলে, স্বস্তিতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ বাড়ি যেতে পারছেন।

আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ঈদযাত্রার প্রথম দিনে পাটুরিয়া থেকে ছেড়ে আসা প্রত্যেকটি ফেরি যাত্রী ও যানবাহন বোঝাই করে দৌলতদিয়া ঘাটে এসে ভিড়ছে। এর আগে, সকাল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট হতে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে যানবাহন ও যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। যাত্রীরা দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে নেমে যাত্রীবাহী পরিবহন, মাহেন্দ্র ও মোটরসাইকেলসহ বিভিন্ন বাহনে চড়ে যাচ্ছেন তাদের গন্তব্যে। ফলে, রাজবাড়ীর সড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। এরমধ্যে ছোট গাড়ি ও মোটরসাইকেলের চাপ বেশি। এদিকে যানবাহন ভাড়া একটু বেশি নেওয়ার অভিযোগ থাকলেও সড়কে কোনো ভোগান্তি নেই বলে জানিয়েছেন যাত্রীরা।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ঘাট এলাকায় কাজ করছে জেলা পুলিশ, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, যানবাহনের চাপ সামাল দিতে একাধিক ফেরি প্রস্তুত রাখা হয়েছে। চাপ আরও বাড়লে অতিরিক্ত ফেরি চালুর ব্যবস্থাও রয়েছে।

কাশেম নামে এক যাত্রী বলেন, ‘ঢাকার গাবতলি থেকে লোকাল বাসে পাটুরিয়া এসেছি, ভাড়া খুব বেশি নেয়নি। ঈদযাত্রা মোটামুটি ভালোই ছিলো।’

ঢাকার মিরপুর থেকে রাজবাড়ীর পাংশায় পরিবার নিয়ে ঈদ করতে বাড়ি যাচ্ছেন সিরাজ আহম্মেদ। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, গতবারের চেয়ে এবারের ঈদ যাত্রা ভালো ছিল। পথে কোনো যানজট নেই, ভাড়াও সহনীয় রয়েছে।’

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি ত্রিনাথ সাহা বলেন, ‘আমাদের নৌ পুলিশের দায়িত্বরত জায়গা হচ্ছে পন্টুন, লঞ্চ টার্মিনাল ও নৌ পথ। নৌ পথে স্পিডবোট নিয়ে টহল টিম সার্বক্ষণিক কাজ করছে। ফেরি ঘাটের পন্টুন ও লঞ্চ টার্মিনালে নিরাপত্তার জন্য আমাদের একটি কন্ট্রোল রুম খোলা আছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকারের নির্দেশে আমরা দায়িত্ব পালন করছি। ঘাট এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মানুষের নিরাপত্তার কাজে নিয়োজিত আছি।’

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহা ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বহরে থাকা ১৬টি ফেরির মধ্যে ১৫টি ফেরি চলাচল করছে। ৩, ৪ ও ৭নং ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।’

(একে/এসপি/মে ২৫, ২০২৬)

পাঠকের মতামত:

২৫ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test