E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার

২০২৬ মে ৩০ ১৫:১৪:৩২
যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূর মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও ননদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এ ঘটনায় অভিযুক্ত স্বামী চাঁদ আলী খাঁ ও তার বোন সান্তনা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত চাঁদ আলী খাঁ পেশায় ইটভাটার শ্রমিক। তিনি ওই গ্রামের মৃত হাবিবুর রহমান হবি খাঁর ছেলে। এর আগে গত রোববার (২৪ মে) সকালে নির্যাতনের ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী গৃহবধূ তানিয়া খাতুন অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার স্বামী চাঁদ আলী খাঁ ও ননদ সান্তনা খাতুন বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ সৃষ্টি করতেন। এক পর্যায়ে তাদের দাবির মুখে তার বাবা দেড় লাখ টাকা দিলেও নির্যাতন বন্ধ হয়নি। পরে আবারও টাকা দাবি করা হলে তা দিতে অপারগতা প্রকাশ করায় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়।

তিনি আরও জানান, বাবার বাড়ি থেকে সময়মতো টাকা এনে দিতে না পারায় স্বামী ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। একপর্যায়ে ননদের সহযোগিতায় চুল কাটার মেশিন দিয়ে তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়।

ঘটনার পর পরিবারের সদস্যরা তানিয়া খাতুনকে উদ্ধার করে ঈশ্বরদী থানায় নিয়ে যান। পরে তিনি স্বামী চাঁদ আলী খাঁ ও ননদ সান্তনা খাতুনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত চাঁদ আলী খাঁ ও সান্তনা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাদের পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।”

(এসকেকে/এসপি/মে ৩০, ২০২৬)

পাঠকের মতামত:

৩০ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test