E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রধানমন্ত্রীর উদ্যোগে গড়া শহীদ জিয়া শিশু হাসপাতালের নতুন সম্ভাবনা

২০২৬ মে ৩১ ১৯:১৩:৪৮
প্রধানমন্ত্রীর উদ্যোগে গড়া শহীদ জিয়া শিশু হাসপাতালের নতুন সম্ভাবনা

বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়ার শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল দীর্ঘ প্রতিকূলতা পেরিয়ে আবারও নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে। হাসপাতালটির সার্বিক উন্নয়ন, আধুনিকায়ন ও চিকিৎসা সেবার সম্প্রসারণে নবগঠিত পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বগুড়া শহরের দত্তবাড়িতে অবস্থিত হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম (এমপি)।

সভায় জানানো হয়, ২০০৫ সালে তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ উদ্যোগে প্রতিষ্ঠিত শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল শিশুস্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তবে পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে হাসপাতালটির কার্যক্রম নানা প্রতিবন্ধকতার মুখে পড়ে। নবগঠিত পরিচালনা কমিটির মাধ্যমে হাসপাতালটিকে একটি পূর্ণাঙ্গ, আধুনিক ও বিশেষায়িত শিশু চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

হাসপাতালের পরিচালক আমিনুল হক দেওয়ান সজলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পরিচালনা কমিটির উপদেষ্টা রেজাউল করিম বাদশা এমপি ও অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

এসময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য মোঃ মোশাররফ হোসেন এমপি, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বিএমএ সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ আজফারুল হাবিব রোজ, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি বাদল সিদ্দিকী, ড্যাব বগুড়া সভাপতি অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, সাধারণ সম্পাদক ডাঃ মোঃইউনুস আলী এবং মাফতুন আহমেদ খান রুবেলসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় হাসপাতালের সার্বিক উন্নয়ন, চিকিৎসা সেবার মানোন্নয়ন ও সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিশুদের জন্য অ্যাজমা ও হৃদরোগের বিশেষায়িত চিকিৎসাসেবা চালুর বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, গত ২১শে মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের নতুন পরিচালনা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে।

(বিএস/এসপি/মে ৩১, ২০২৬)

পাঠকের মতামত:

৩১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test