E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

২০২৬ জুন ০৫ ১৮:২৫:৫৮
কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

রিপন মারমা, রাঙ্গামাটি : "প্রকৃতি থেকে অনুপ্রাণিত। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন্য" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

আজ শুক্রবার সকালে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের 'চলমান' কমপ্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের আয়োজনে এবং কাপ্তাই উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা "কিন্নরী হল"-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে প্রথমে ঐতিহ্যবাহী ঢাক-ঢোল বাজিয়ে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চট্টগ্রাম-কাপ্তাই প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পূর্বের স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা কিন্নরী হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় শতাধিক বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খেয়াং-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রায়হানুল ইসলাম।

কমপ্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ এবং কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রায়হানুল ইসলাম বলেন, "জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই প্রকৃতিবান্ধব জীবনযাত্রায় ফিরতে হবে। পাহাড় ও বনাঞ্চল রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠী ও বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে।"

সভাপতির বক্তব্যে ডা. প্রবীর খেয়াং ও বিশেষ অতিথিবৃন্দ পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন এবং চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়নমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কমপ্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা পরিবেশ রক্ষায় সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর এবং পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বর্জনের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

(আরএম/এসপি/ জুন ০৫, ২০২৬)

পাঠকের মতামত:

০৫ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test