E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভোরে ট্রাক চুরি, দুপুরে ফোন করে টাকা দাবি

২০২৬ জুন ০৮ ১৪:৪৬:৪৮
ভোরে ট্রাক চুরি, দুপুরে ফোন করে টাকা দাবি

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি পণ্যবাহী ড্রাম ট্রাক চুরির ঘটনা ঘটেছে। পরবর্তীতে ওই চোর চক্র মালিকের মুঠোফোনে কল করে ট্রাকটি ফিরিয়ে দিতে ১ লাখ টাকা চাঁদা দাবি করেছে।

রবিবার (৭ জুন) আনুমানিক ভোর ৫ টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্ত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ট্রাকের মালিক মেহেদী হাসান কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ট্রাক মালিক মেহেদী হাসান জানান, শনিবার রাতে ভাটিয়াপাড়া গোলচত্ত্বর এলাকায় ঢাকা খুলনা মহাসড়কের পাশে গাড়িটি রেখে তিনি ভিতরে ঘুমিয়ে ছিলেন। আজ রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ঘুম থেকে উঠে পাশেই নিজের বাড়িতে যান। সকাল ৮টায় তিনি ফিরে এসে দেখেন নির্ধারিত স্থানে ট্রাকটি নেই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাননি।

এরই মধ্যে বেলা ১২টার দিকে মালিকের ব্যক্তিগত মুঠোফোনে একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে। ওপাশ থেকে বলা হয়, ট্রাকটি তাদের হেফাজতে রয়েছে। ফেরত পেতে হলে ২ ঘন্টার মধ্যে ১ লাখ টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে। টাকা না দিলে ট্রাকের যন্ত্রাংশ খুলে বিক্রি করে দেওয়া হবে বলেও হুমকি দেয় চক্রটি।

ট্রাকের মালিক মেহেদী হাসান বলেন, ‘দিনের বেলা এত বড় একটা ট্রাক কীভাবে চুরি হয়ে গেল, আমি ভেবে পাচ্ছি না। তার ওপর আবার ফোন করে টাকা চাচ্ছে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় রবিবার দুপুরে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছি।’

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, ট্রাকটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

(টিবি/এএস/জুন ০৮, ২০২৬)


পাঠকের মতামত:

২৮ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test