E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের মারধরের অভিযোগে এনসিপি নেতা আটক

২০২৬ জুন ১১ ২৩:৩৯:০৪
ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের মারধরের অভিযোগে এনসিপি নেতা আটক

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের গালাগাল ও মারধরের অভিযোগ পাওয়া গেছে উপজেলা এনসিপির আহ্বায়ক মো. আশরাফ শেখের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে পরিক্ষা কেন্দ্রে প্রায় দেড় ঘন্টাব্যাপী শিক্ষার্থীরা পরিক্ষা দেয়া বন্ধ করে স্কুল প্রাঙ্গনে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শুরু করেন। এসময় এনসিপির নেতা ও স্কুলের শিক্ষকগণ এগিয়ে গেলে এনসিপির নেতাকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে ও ধাওয়া দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে দৌড়ে পালিয়ে কেন্দ্র সচিবের কক্ষে আশ্রয় নেন এনসিপির ওই নেতা। এক পর্যায়ে বিক্ষুব্ধ  শিক্ষার্থীদের ছোঁড়া ইটের আঘাতে ওই স্কুলের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত সহ কয়েকজন আহত হন।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ভাঙ্গা কাজী শামসুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষকদের কক্ষে অবরুদ্ধ থাকা এনসিপির আহ্বায়ককে উদ্ধার করে থানায় নেয় পুলিশ।

পরিক্ষা কেন্দ্রে আশা কয়েকজন অভিভাবক ও আহত শিক্ষার্থীরা এ বিষয়ে জানান, সকালে প্রাকটিক্যাল পরীক্ষা শুরু হওয়ার আগেই এনসিপি নেতা আশরাফ শেখ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। তার হবু স্ত্রী ওই কেন্দ্রে পরিক্ষা দিচ্ছেন। সেই সুবাদে প্রত্যেক পরিক্ষায় নিয়ম বহির্ভূতভাবে ও ক্ষমতার প্রভাব খাটিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকেন তিনি এবং বিভিন্নভাবে তার স্ত্রীকে পরিক্ষায় সহায়তা করে আসছেন তিনি। একইভাবে আজ বৃহস্পতিবার সকালে পরিক্ষা শুরু হতেই এনসিপির নেতা আশরাফ তার স্ত্রীকে বিভিন্নভাবে পরিক্ষায় সহায়তা করছিলেন। এসময় একই রুমে পরীক্ষা দিচ্ছিলেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজিদ ইসলামসহ তার কয়েকজন সহপাঠীরা। তারা এনসিপির নেতাকে তার স্ত্রীকে পরীক্ষায় সহায়তায় করার জন্য প্রতিবাদ শুরু করেন। এতে এনসিপির নেতা নিজেকে দলীয় পরিচয় দিয়ে তার ক্ষমতার দাম্ভিকতা প্রকাশ করেন। একপর্যায়ে প্রতিবাদরত শিক্ষার্থীদের গালাগালসহ ঠেলাধাক্কা দেন এনসিপির নেতা। এর প্রতিবাদে পরিক্ষা কেন্দ্র থেকে বের হয়ে স্কুলের মাঠে এ ঘটনায় বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এনসিপির নেতাকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে তাকে ধাওয়া দেয়। পরে পরিস্থিতি বেগতিক দেখে দৌড়ে পালিয়ে কেন্দ্র সচিবের কক্ষে আস্র‍য় নেন এনসিপির নেতা আশরাফ। এসময় স্কুলের প্রধান শিক্ষকসহ কয়েকজন এগিয়ে এলে ইটের আঘাতে আহত হন প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষার্থী।

আহত প্রধান শিক্ষক অরুণ চন্দ্র জানান, শিক্ষার্থীদের সঙ্গে এনসিপির আহ্বায়ক মো. আশরাফের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হওয়ার একপর্যায়ে ইটের আঘাতে আহত হন তিনি। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ আশরাফকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করবেন বলে জানান তিনি।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এনসিপির নেতাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে'। এছাড়া, এ বিষয়ে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি মিজানুর।

এ প্রসঙ্গে বক্তব্য জানতে এনসিপির ভাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক মো. আশরাফ শেখের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি ফোন কেটে দেওয়ায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

(আরআর/এএস/জুন ১১, ২০২৬)





পাঠকের মতামত:

১২ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test