E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কালুখালীতে মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

২০২৬ জুন ১৩ ১৭:০০:২৩
কালুখালীতে মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালী উপজেলায় মাইক্রোবাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আদভিক (২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। 

শুক্রবার (১২ জুন) বিকেল ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার পাইকারা মোড় এলাকার কলেজ মোড় ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত আদভিক প্রাইভেটকারে থাকা যাত্রীদের একজন বলে জানা গেছে।

আহতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ব্যবসায়ী অর্জুন খেতানের পুত্রবধূ জৌতি খেতান (৩২), ফরিদপুর কোতোয়ালি থানার চাঁদপুর এলাকার সুভাষের ছেলে (ম্যানেজার) মহাদেব (২৫), রাজবাড়ীর পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের পারডেমনামারা বাগলী বাজার এলাকার মো. সুয়াদ (৩৭), নেহেরীপাড়া এলাকার আলিমুদ্দিনের মেয়ে সেলিনা (৫০) এবং কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মহিষকুটিয়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে ইসলাম মণ্ডল (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাস কুষ্টিয়ার দিক থেকে রাজবাড়ীর দিকে যাচ্ছিল। অপরদিকে ইজিবাইকটি রাজবাড়ী থেকে পাংশার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কলেজ মোড় ইটভাটা এলাকার সামনে পৌঁছালে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়।

ইজিবাইকের চালক জানান, তার সামনে থাকা একটি ভ্যানকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং কয়েকজন যাত্রী আহত হন।

গুরুতর আহত জৌতি খেতান, মহাদেব ও সেলিনাকে উদ্ধার করে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

জানা গেছে, জৌতি খেতান তার বাবার বাড়ি জয়পুরহাট থেকে শ্বশুরবাড়ি অম্বিকাপুরে ফিরছিলেন।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, “দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। তবে মাইক্রোবাসের চালক পালিয়ে গেছেন।বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

(একে/এএস/জুন ১৩, ২০২৬)




পাঠকের মতামত:

১৩ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test