E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নড়াইল জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু

২০২৬ জুলাই ০৬ ১৮:০২:৩৫
নড়াইল জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল জেলা কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদি লাইস বেগম ওরফে লাইচনা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রবিবার দুপুরে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত লাইস বেগম নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামের বাহার উদ্দিনের স্ত্রী। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন (৩০ বছর) সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হয়ে নড়াইল জেলা কারাগারে সাজা ভোগ করছিলেন।

কারাগার সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৪ এপ্রিল জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চর দিঘলিয়া গ্রামের মুসা খন্দকার নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত বছরের ১৪ মে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত লাইস বেগম, আকরাম মোল্যা ও জাফর খন্দকারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করেন।

কারা কর্তৃপক্ষ জানায়, লাইস বেগম উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছিল। এর আগে অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাও দেওয়া হয়েছিল।

নড়াইল জেলা কারাগারের জেলার সাইফুল ইসলাম জানান, রবিবার দুপুরে লাইস বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া, সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(আরএম/এসপি/জুলাই ৬, ২০২৬)

পাঠকের মতামত:

০৬ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test