E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

২০২৬ জুলাই ০৬ ১৯:৪৫:০৯
ফরিদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর সদরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ- ২ মৌসুমে সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার উপজেলা পরিষদ চত্বরে ফরিদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্যই হচ্ছে কৃষকদের পাশে থেকে দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি করা এবং সামগ্রিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। এই বিশেষ কৃষি প্রণোদনার মাধ্যমে অঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং দেশের শাকসবজি ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং উপজেলার সুফলভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, উদ্বোধনের পর পর্যায়ক্রমে উপজেলার তালিকাভুক্ত সকল প্রান্তিক কৃষকের হাতে এই প্রণোদনা সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

(ডিসি/এসপি/জুলাই ৬, ২০২৬)

পাঠকের মতামত:

২১ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test