E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ভারী বৃষ্টিতে সড়কে ধস, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

২০২৬ জুলাই ১২ ১৮:০৫:১৫
ভারী বৃষ্টিতে সড়কে ধস, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : ক'দিনের টানা ভারী বর্ষণে বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুরপাড়া হতে সৈয়দ আহম্মেদ কলেজ স্টেশন সড়কের খাজার মোড় এলাকায় একটি সেতুর দুই পাশে মাটি সরে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এতে সড়কের পিচঢালাই অংশও দেবে গেছে। ঝুঁকিপূর্ণ এ অবস্থায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে অটোরিকশা সহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের পাশেই পুকুর থাকায় প্রায় প্রতি বর্ষায় এ ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়। এবারো কয়েক দিনের টানা ভারী বৃষ্টির পানির প্রবল স্রোতে সেতুর দুই পাশের মাটি ধসে পড়ে। এক পাশে বড় একটি গর্ত তৈরি হওয়ায় যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

অটোরিকশা চালক সোহেল মিয়া বলেন, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সেতুর ধারে মাটি দেবে বড় গর্ত হয়েছে। গতকাল সন্ধ্যায় একটি অটোরিকশা সেখানে উল্টে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় গাড়িটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা বুলবুলী বেগম বলেন, প্রতিদিন চালক ও যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এমন দুর্ঘটনায় কারও প্রাণহানি হলে একটি পরিবার চরম বিপর্যয়ের মুখে পড়বে।

এ বিষয়ে দিগদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক টুল্লু বলেন, ইউনিয়ন পরিষদের পর্যাপ্ত বাজেট নেই। তবে আমি পরিষদের সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো।

সোনাতলা উপজেলা প্রকৌশলী অফিসের প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আগে কেউ আমাকে জানায়নি। আপনার মাধ্যমে জানতে পারলাম। দ্রুত জনবল পাঠিয়ে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের ব্যবস্থা নেয়া হবে।

সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামাণিক বলেন, ভারী বর্ষণের কারণে সম্ভবত সড়কের নিচের মাটি সরে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হচ্ছে।সেই সাথে দ্রুত সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।

(বিএস/এসপি/জুলাই ১২, ২০২৬)

পাঠকের মতামত:

১২ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test