E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কাপ্তাইয়ে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু

২০২৬ জুলাই ১৩ ১৯:০০:৫৯
কাপ্তাইয়ে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার শীলছড়িতে নির্মাণাধীন ভবনের অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে নন্দী মল্লিক (তুলসী) (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশু নন্দী মল্লিক ওই এলাকার সুজন মল্লিকের কন্যা।

সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, শীলছড়ি এলাকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুছাইন চৌধুরীর মালিকানাধীন নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকটি দীর্ঘদিন ধরে দুইটি ঢাকনাহীন ও অরক্ষিত অবস্থায় ছিল। প্রায় ১৫ ফুট দৈর্ঘ্য, ১০ ফুট প্রস্থ এবং ১০ থেকে ১২ ফুট গভীরতার এই বিশাল গর্তটি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে স্থানীয়রা দীর্ঘদিন ধরে আশঙ্কা প্রকাশ করে আসছিলেন। ঘটনার দিন শিশু নন্দী বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে তাকে খুঁজে না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে অবস্থিত ওই সেপটিক ট্যাংকের ভেতরে শিশুটিকে পাওয়া যায়। খবর পেয়ে শীলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী মেধু মারমা অসীম সাহসিকতার পরিচয় দিয়ে দ্রুত ট্যাংকের ভেতরে নেমে শিশুটিকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা মিনুচিং আক্ষেপ করে বলেন, “এই সেপটিক ট্যাংকটি নিয়ে আমরা সবসময় আতঙ্কে থাকতাম। এটি যে কতটা ঝুঁকিপূর্ণ ছিল, তা আজ অঘটন ঘটার পর আরও স্পষ্টভাবে প্রমাণিত হলো। আমাদের সতর্কতার মুলক অনুরোধ যদি গুরুত্বের সাথে দেখত, তবে হয়তো আজ এমন প্রাণহানি ঘটনা হতো না।”

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী অভিযোগ করেন, সেপটিক ট্যাংকটির মুখে কোনো ধরনের ঢাকনা বা নিরাপত্তা বেষ্টনী ছিল না। ভবনের মালিকের এমন চরম গাফিলতি ও অবহেলার কারণেই শিশুটি অকালে প্রাণ হারাল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য ভবনের মালিক অংসুছাইন চৌধুরীর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নির্মাণাধীন ভবনের মালিকপক্ষের এমন অবহেলার কারণে শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল এ ঘটনায় দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যেন ভবিষ্যতে এমন ঝুঁকিপূর্ণ নির্মাণকাজ কারো জীবনের প্রাণহানির ঘটনা না ঘটে।

(আরএম/এসপি/জুলাই ১৩, ২০২৬)

পাঠকের মতামত:

১৩ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test